২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মশারে কর উৎসে বিনাশ’- কলকাতার মন্ত্র শেখালেন অতীন ঘোষ

দীর্ঘ আট বছরের চেষ্টায় কলকাতা কী করে ডেঙ্গু জ্বরের বাহক এইডিস মশা নিয়ন্ত্রণ করতে পেরেছে সেই অভিজ্ঞতা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে শোনালেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 10:30 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

ডেঙ্গু প্রতিরোধে ফগার দিয়ে কীটনাশক প্রয়োগের চেয়ে এইডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিলেন তিনি।

সোমবার দুপুরে কলকাতা পুরসভা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা উত্তরের নগর ভবনে মেয়র আতিকের সঙ্গে যুক্ত হন অতীন ঘোষ।

তিনি বলেন, প্রতিরোধ ও প্রতিকার- এই দুই ভাগে ভাগ করে সারা বছর ধরে তারা ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজটি করে যাচ্ছেন।  আর এ কাজ চলছে ২০০৯ সাল থেকে।

ওয়ার্ড, বরো ও হেড কোয়ার্টার- এই তিন পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে নজরদারি করা হয় কলকাতা পুরসভায়। মনিটরিংয়ের পাশাপাশি চলে জনগণকে সচেতন করার কাজ।

‘মশারে করো উৎসে বিনাশ’- এই স্লোগান নিয়ে বাসা-বাড়ি কিংবা উন্মুক্ত জলাশয় যেখানেই এইডিস মশার প্রজননস্থল পাওয়া যায় তা ধ্বংস করা হয় বলে জানান কলকাতার ডেপুটি মেয়র।

গত জুনের শুরু থেকে ঢাকায় ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়তে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছিল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কিন্তু জুলাইয়ের শেষে এসে এ রোগ সারা দেশে ছড়িয়ে পড়ে।

এইডিস মশার প্রজননস্থানগুলো ধ্বংসে সফলতা না এলে সেপ্টেম্বরে এ রোগের প্রকোপ আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় সমালোচনার মুখে পড়ে ঢাকার দুই সিটি করপোরেশন। মশা নিধন কার্যক্রমে শিথিলতার অভিযোগ ওঠে দুই সিটির বিরুদ্ধে।

এই পরিস্থিতিতে গত ১ অগাস্ট এক আন্তঃমন্ত্রণালয় সভার পর উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, মশা মারতে তার সততার কোনো অভাব নেই, অভাব আছে অভিজ্ঞতায়।

সেই ঘাটতি পূরণে কলকাতা পুরসভার অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহের কথা সেদিন সাংবাদিকদের বলেন মেয়র আতিক।

তিনি বলেন, টেলিফোনে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে তার কথা হয়েছে; তাকে শিগগিরই ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

এর ধারাবাহিকতায় সোমবার ভিডিও কনফারেন্সে কথা হয় অতীন ও আতিকের।

ঢাকার কোন কোন এলাকা ডেঙ্গুপ্রবণ তা চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে উত্তরের মেয়রকে পরামর্শ দেন কলকাতার ডেপুটি মেয়র। তিনি বলেন, কৌশল ঠিক করতে হবে প্রয়োজন অনুযায়ী।

“কলকাতা পুরসভা নয় বছর ধরে অবকাঠামোভিত্তিক লড়াই চালিয়ে আজকের অবস্থানে এসেছে। একই সাথে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং রাজনৈতিক সদিচ্ছারও গুরুত্ব আছে।”

অতীন ঘোষ জানান, কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের সাহায্যে ওষুধ প্রয়োগ কার্যকর ফল দিলেও এইডিস মশা দমনে এর কার্যকারিতা কম।

অভিজ্ঞতা বিনিময় করায় তাকে ধন্যবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এই কনফারেন্স থেকে অনেক ‘নলেজ শেয়ারিং’ হল।

“কলকাতার অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব। কলকাতার সাথে এ ধরনের নলেজ শেয়ারিং এটি প্রথম হলেও শেষ নয়। ভবিষ্যতে দুই শহরের যোগাযোগ অব্যাহত থাকবে।”

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী, কলকাতা পুরসভার চিফ ভেক্টর কন্ট্রোল অফিসার ডা. দেবাশীষ বিশ্বাস, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত রায় চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক মুখ্য পরামর্শক ডা. তপন মুখার্জী ভিডিও কনফারেন্সে অংশ নেন।