২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে চার নারীসহ পাঁচজনের মৃত্যু

দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পুলিশের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার স্ত্রী রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 02:09 AM

Updated : 18 Aug 2022, 05:36 PM

রোববার মারা এই চারজন হলেন- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪), ইডেন কলেজের ছাত্রী শান্তা আক্তার, ঢাকার একটি কলেজের স্নাতকের ছাত্রী দিপালী আক্তার (২৩) এবং খুলনার স্কুলছাত্র মো. মঞ্জুর শেখ (১৫) ও মর্জিনা বেগম (৬৫) নামের এক নারী।

সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে সৈয়দা আক্তারের মৃত্যু হয় বলে পুলিশের এআইজি (গণমাধ্যম) সোহেল রানা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০ জুলাই রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন সৈয়দা।

“সেখানে অবস্থার অবনতি ঘটলে শনিবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।”

কোরেশী দম্পতির চার সন্তানের মধ্যে একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। তিন ছেলের একজন মেডিকেল কলেজের ছাত্র, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও একজন নটরডেম কলেজে পড়ছেন।

পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে পুলিশ সদস্যসহ তাদের পরিবারের ১৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অর্ধেক পুলিশ সদস্য। এর মধ্যে ঢাকায় ১৪৮ জন এবং ঢাকার বাইরে দুজন।

ডেঙ্গুতে অতিরিক্ত আইজিপি কোরেশীর স্ত্রীর মৃত্যু  

বিকালে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত দুই কলেজছাত্রীর মৃত্যু হয়। বিকাল সোয়া ৩টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দোহারের একটি কলেজের স্নাতকের ছাত্রী দিপালী। ঘণ্টাখানেক পরে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মারা যান ইডেন কলেজের শিক্ষার্থী শান্তা ।

দিপালীর গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়।

ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা পরিবারের সাথে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন বলে তার প্রাইভেট শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তা আমার কোচিংয়ে অ্যাকাউন্টিং পড়ত। হঠাৎ তার ডেঙ্গু ধরা পড়ল। এত দ্রুত সে চলে যাবে- আমরা ভাবতে পারছি না।”

ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে আরেক কলেজছাত্রীর মৃত্যু  

শান্তার বাবা ও ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন বলে মামুন জানিয়েছেন। শান্তাদের বাড়ি গাজীপুরে।

ঢাকার বাইরে খুলনায় সকাল সাড়ে ৬টায় মার যান স্কুলশিক্ষার্থী মঞ্জুর। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা।

মঞ্জুর সদর উপজেলার তিলক স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের উত্তর খাজাডাঙ্গা গ্রামের সবজি বিক্রেতা মো. বাবুল শেখ ওরফে বাবুর ছেলে। রূপসা উপজেলার কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুলে দশম শ্রেণিতে পড়তেন তিনি।

ডেঙ্গুতে ইডেন ছাত্রীর মৃত্যু  

মর্জিনা বেগম দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের ইসরাইল সরদারের স্ত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতীম দেবনাথ বলেন, মর্জিনা সপ্তাহ খানেক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার রাতে মারা যান তিনি।

এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার পর তা ক্রমশ বেড়েছে। গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ।

ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের বরাত দিয়ে ডেঙ্গুতে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর তথ্য এসেছে গণমাধ্যমে।

এদিকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৭০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ।