ঢাকায় নিজেদের অফিস-আবাস পরিষ্কারে নামছে পুলিশ
ঢাকায় ডেঙ্গুর প্রকোপের মধ্যে নিজেদের অফিস ও থাকার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কর্মসূচি নিয়েছে পুলিশ।
শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন।
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের বিশেষ শাখায় কর্মরত একজন নারী উপ-পরিদর্শক।
ঢাকা মহানগর পুলিশ বলছে, বর্তমানে রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে অনেক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে মুক্ত নয় ঢাকা মহানগর পুলিশের সদস্যরাও।
“ডেঙ্গু ভাইরাসের কারণে হয়ে থাকে। এইডিস নামক এক ধরনের মশা এ ভাইরাস বহন করে থাকে। আর এইডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে।
“তাই এই মশা যাতে বংশবিস্তার করতে না পারে সে লক্ষ্যে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া শনিবার ডিএমপির সকল স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেছেন।”
ঢাকা মহানগর পুলিশের সব স্থাপনা ও তার আশপাশ, পুলিশ লাইন্স, ব্যারাক, অফিস, থানা, ফাঁড়ি, কন্ট্রোল রুম, তদন্ত কেন্দ্র, শপিং মল, মেস ও ডাইনিং এবং আবাসিক ভবনের পরিত্যক্ত আঙ্গিনা, ফুলের টব, ড্রেন, জমে থাকা স্বচ্ছ পানির স্থান, ডাবের খোসা ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই অভিযান চালানো হবে।
ডিএমপির স্ব-স্ব ইউনিট প্রধান, জোনাল এডিসি, এসি, ওসি ও তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার উপস্থিত থেকে এডিস মশার বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন এবং এডিস মশা নিরোধক ওষুধ ছিটানোর কার্যকর পদক্ষেপ নেবেন।
