২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু দমনে হারপিক ‘গুজব’

ডেঙ্গু জ্বরের জীবাণু বাহক এডিস মশা দমনে ঘরের বেসিনে হারপিক ও ব্লিচিং পাউডারের মিশ্রণ ঢালার যে পরামর্শ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো হয়েছে তা ‘বিভ্রান্তিকর ও ক্ষতিকর’ বলে সতর্ক করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 01:52 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে।

“বিশেষজ্ঞদের মতে, এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না। উপরন্তু এতে মানবস্বাস্থ্য, জলজপ্রাণী, উদ্ভিদ, পরিবেশ এবং প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে।”

এ বিষয়ে বিভ্রান্ত না হতে জনগণকে অনুরোধ করা হয়েছে তথ্য বিবরণিতে।

এর আগে সরকারের ডাক ও টেলি যোগাযোগ বিভাগ থেকে মোবাইল ফোনে এসএমএস আকারে পাঠানো এক বার্তায় বলা হয়, “হারপিক আর ব্লিচিং পাউডার বেসিনে ঢালার নির্দেশ পুরোই গুজব। গুজবে কান দেবেন না। এতে ডেঙ্গু প্রতিরোধের বদলে ক্ষতি হবে আরও বেশি।’

সার দেশে ডেঙ্গু ছড়ি পড়ার খবরের মধ্যেই কয়েক দিন আগে ফেইসবুকে একটি বার্তা ঘুরতে শুরু করে।

ডেঙ্গু মশা নির্মূলে ঢাকাবাসীকে আগামী শুক্রবার জুমার পরে একযোগে বাসার বেসিনে ৫০০ এমএল হারপিক ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার ঢেলে পানি দেওয়ার আহ্বান জানানো হয় সেখানে।

তাতে ঢাকা শহরের ৭০ শতাংশ ড্রেন, ডোবা-নালায় থাকা মশা ও লার্ভা ধ্বংস হয়ে যাবে বলে সেখানে দাবি করা হয় ওই বার্তায়।

ফেইসবুকে ওই বার্তা আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক চলছে। হারপিক বা ব্লিচিং পাউডার দিয়ে যে ডেঙ্গু দমন করা যাবে না, এবং তাতে যে ক্ষতি হতে পারে- সে বিষয়টি উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হচ্ছে।

ডেঙ্গুর জন্য দায়ী ভাইরাসের বাহক হল এডিস ইজিপ্টাই মশা। সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ থাকে।

এডিস মশা সাধারণত ডিম পাড়ে স্বচ্ছ পানিতে। বাড়ির ছাদে কিংবা বারান্দার ফুলের টবে, নির্মাণাধীন ভবনের বিভিন্ন পয়েন্টে, রাস্তার পাশে পড়ে থাকা টায়ার কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে।

এ কারণে এডিস মশার বংশবিস্তার রোধ করতে প্রত্যেকের বাড়ি এবং আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।