২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টকার্ড প্রকল্পের টাইগার আইটি বিশ্ব ব্যাংকের নিষিদ্ধের তালিকায়

স্মার্টকার্ড প্রকল্পের কাজ পেতে অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমানকে নিষিদ্ধ করেছে বিশ্ব ব্যাংক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 10:37 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

স্মার্টকার্ড সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্রান্সের অবার্থুর টেকনোলজিসের সঙ্গে স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল টাইগার আইটি।

তবে ফরাসি ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর বিশ্ব ব্যাংক এই প্রকল্পে অর্থায়নে অনাগ্রহ দেখানোয় এখন সরকারি অর্থায়নেই ১০ কোটি নাগরিককে স্মার্টকার্ড দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ফলে বাদ পড়েছে অবার্থুর ও টাইগার আইটি উভয়ই।

 গত ২৪ এপ্রিল বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় টাইগার আইটিকে নিষিদ্ধের সিদ্ধান্তটি হয়। প্রতিষ্ঠান হিসেবে টাইগার আইটিকে সাড়ে ৯ বছর এবং প্রতিষ্ঠানটির কর্ণধারকে সাড়ে ৬ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। অর্থাৎ এই সময়ের জন্য বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট কোনো কাজে তাদের নেওয়া হবে না।

স্মার্টকার্ড মুদ্রণ সংক্রান্ত প্রকল্পের কাজে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির ‘অশুভ আঁতাত, দুর্নীতি ও প্রভাব বিস্তারের’ প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তাদের উপর এ নিষেধাজ্ঞা দেয় বিশ্ব সংস্থাটি।

এবিষয়ে তাদের এক বিবৃতিতে বলা হয়, উন্মুক্ত পদ্ধতিতে কাজ দেওয়ার কথা থাকলেও বিশ্ব ব্যাংকের অর্থায়নের এই প্রকল্পের কাজ পেতে টাইগার আইটি বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ষড়যন্ত্র করেছিল।

এ বিষয়ে বিশ্ব ব্যাংকের তদন্ত ঠেকানোর চেষ্টাসহ টাইগার আইটি সংশ্লিষ্টরা অসৌজন্যমূলক আচরণ করেছিল বলেও অভিযোগ বিশ্ব ব্যাংকের।

বিশ্ব ব্যাংকের অভিযোগের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে মঙ্গলবার টাইগার আইটির প্রধান নির্বাহী জিয়াউর রহমানের মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।  

প্রতিষ্ঠানটির পরিচালক তপনেন্দ্র নারায়ণের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পরিচয় জানিয়ে এসএমএস পাঠালেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পেও কানাডীয় কোম্পানিকে কাজ দিতে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল বিশ্ব ব্যাংক, যা পরে কানাডার আদালতে ভুল প্রমাণিত হয়েছে। আর বিশ্ব ব্যাংকের অর্থ না নিয়ে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে।

বিশ্ব ব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির সহায়তায় ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস (আইডিইএ)’ প্রকল্পের আওতায় ২০১১ সালের জুলাইয়ে নয় কোটি নাগরিককে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার চুক্তি করেছিল ইসি।

এরপর এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে স্মার্টকার্ড উৎপাদন-বিতরণে ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজিসের সঙ্গে ৮০০ কোটি টাকার চুক্তি করে ইসি।

প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুনে। পরে মেয়াদ ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়।

কিন্তু ফ্রান্সের ওই কোম্পানির কাজে দেরি দেখে অপেশাদারিত্বের অভিযোগ এনে ২০১৭ সালে ইসি তাদের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেয়, বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানকে ওই কাজ দেওয়া হবে।

ফরাসি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর প্রকল্পে অর্থায়নে অনাগ্রহ দেখায় বিশ্ব ব্যাংক। এরপর সরকারি অর্থায়নে এখন প্রকল্পটি বাস্তবায়ন করছে দেশীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ইসি সচিব মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই বছর আগেই নানা অভিযোগের মধ্যে ফ্রান্সের কোম্পানিটির সঙ্গে ইসির চুক্তি বাতিল হয়েছিল। আর আন্তর্জাতিক ওই সংস্থাটি যে দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে, তার  নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত ছিল না।”

তিনি বলেন, “ইসির সঙ্গে ফ্রান্সের কোম্পানির রফা হয়েছে ইতোমধ্যে। এখন তাদেরকে (টাইগার আইটি ও প্রতিষ্ঠানের সিইও) কালোতালিকাভুক্তের বিষয়টি আমরা অবগত নই।”

“বর্তমানে স্মার্টকার্ড উৎপাদন দেশীয় প্রতিষ্ঠান দিয়েই আমরা করছি,” বলেন ইসি সচিব।

এ সম্পর্কিত আরও খবর

স্মার্ট কার্ড: ফরাসি সংস্থা থেকে ৩৫০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়  

স্মার্ট কার্ড প্রকল্পের মেয়াদ বাড়ল

স্মার্টকার্ড প্রকল্প: অবার্থুরের সঙ্গে ২২০ কোটি টাকায় রফা

ইসির নিজস্ব উদ্যোগে স্মার্টকার্ড তৈরি শুরু  

পুরনো খবর:

স্মার্টকার্ড প্রকল্প: অবার্থুরের সঙ্গে ২২০ কোটি টাকায় রফা