২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ ও ফার্মফ্রেশ দুধ বিক্রিতেও বাধা নেই

মিল্ক ভিটার পর প্রাণ ডেইরি লিমিটেড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির নিষেধাজ্ঞাও স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 05:02 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

এর ফলে বাজারে প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশ মিল্ক বিক্রিতে আপাতত আর কোনো বাধা থাকছে না।

এ দুটি কোম্পানিসহ বিএসটিআই অনুমোদিত ১৪টি কোম্পানির সবগুলোকেই পাঁচ সপ্তাহ পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রি বন্ধ রাখতে বলেছিল হাই কোর্টের একটি বেঞ্চ।

ওই আদেশের বিরুদ্ধে প্রাণ ডেইরি ও আকিজ ফুডের আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান মঙ্গলবার হাই কোর্টের আদেশ ৫ সপ্তাহের জন্য স্থগিত করে দেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল জানান।

এর আগে সোমবার মিল্ক ভিটার ক্ষেত্রেও হাই কোর্টের নিষেধাজ্ঞা চেম্বর আদালত আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।

মঙ্গলবার প্রাণ ও ফার্মফ্রেশের পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসটিআইয়ের নিবন্ধিত বাকি ১১টি কোম্পানির ক্ষেত্রেও আর নিষেধাজ্ঞা থাকবে না বলে তিনি মনে করছেন।

“এ দুটোর ক্ষেত্রে তো হবেই, কিন্তু ওগুলোও তো ফাইল হয়ে গেছে। ওগুলোরে ক্ষেত্রে আদেশ না হলেও আদালত বলেছে, হাই কোর্টের আদেশের বিরুদ্ধে এতগুলো কেন ফাইল করা হল, একটা ফাইল করলেই তো হত।

“তখন আমি বললাম , দায়বদ্ধতা যেহেতু আলাদা, সেহেতু আলাদা আলাদা ফাইল করা হয়েছে। ফলে আদালতের কথায় বুঝলাম সবগুলোর জন্যই আদেশটা অ্যাপ্লিকেবল।”

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্বে থাকা মাহবুবে আলম বলেন, বাকি ১১টি কোম্পানির আবেদনের ওপর বুধবার শুনানি হবে এবং তিনি নিজেই সেসব কোম্পানির আইনজীবী হিসেবে শুনানি করবেন।

বাজারে থাকা পাস্তুরিত দুধ নিয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়েরিয়াল ডিজিস রিসার্চ, বাংলাদেশ’র (আইসিডিডিআর,বি) গবেষণা নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই গবেষণায় বলা হয়, বাজারে থাকা ৭৫ শতাংশ পাস্তুরিত দুধেই ভেজাল রয়েছে; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক এক সংবাদ সম্মেলনে জানান, বাজারে থাকা সাতটি কোম্পানির পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মানুষের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পেয়েছেন।

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এ নিয়ে সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে হাই কোর্টে রিট আবেদন করলে হাই কোর্ট বাজারে থাকা বিএসটিআই অনুমোদিত সব কোম্পানির পাস্তুরিত দুধ পরীক্ষার নির্দেশ দেয়।

সেই পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রোববার রুলসহ আদেশ দেয়।

বিএসটিআইয়ের অনুমোদিত ১৪ কোম্পানির সবগুলোকেই ৫ সপ্তাহ পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধ রাখতে বলা হয় ওই আদেশে। সেই সঙ্গে জনসাধারণকে পাস্তুরিত দুধ কেনা ও খাওয়ায় ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

এন্টিবায়োটিক, সীসাসহ ক্ষতিকারক উপাদান থাকায় বিএসটিআই অনুমোদিত ওই ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন কেন আইনগত কর্তৃত্ববর্হিভূত ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পরিপন্থি ঘোষণা করা হবে না এবং এসব দুধ পরিশুদ্ধ করে বাজারজাত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় হাই কোর্টের রুলে।

১৪টি কোম্পানিসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া বিএসটিআই নতুন করে পাস্তুরিত দুধের মানদণ্ড নির্ধারণে কী পদক্ষেপ নিয়েছে তা পাঁচ সপ্তাহের মধ্যে হলফনামা আকরে জানাতে বলা হয়।

১৪ কোম্পানির দুধ

# আফতাব মিল্ক অ্যন্ড মিল্ক প্রডাক্ট লিমিটেডের আফতাব

# আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফার্মফ্রেশ মিল্ক

# আমেরিকান ডেইরি লিমিটেডের মো

# বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের মিল্ক ভিটা

# বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যন্ড ফুডস লিমিটেডের ডেইরি ফ্রেশ

# ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেন্টের আড়ং ডেইরি

# ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের আয়রান

# ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টের পিউরা

# ইগলু ডেইরি লিমিটেডের ইগলু

# প্রাণ ডেইরি লিমিটেডের প্রাণ মিল্ক

# উত্তরবঙ্গ ডেইরির মিল্ক ফ্রেশ

# শিলাইদহ ডেইরির আল্ট্রা

# পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের আরওয়া

# তানিয়া ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস সেইফ

হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে মিল্কভিটা চেম্বার আদালতে যায় সোমবার। তাদের আবেদন শুনে চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন দেন।

এরপর মঙ্গলবার প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশের পক্ষে একই আবেদন হলে চেম্বার বিচারপতি পাঁচ সপ্তাহের জন্য হাই কোর্টের আদেশ স্থগিত করে দেন।

পুরনো খবর:

মিল্ক ভিটার পাস্তুরিত দুধ বিক্রিতে বাধা নেই
পাস্তুরিত দুধের উৎপাদন-বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা