গণমাধ্যমে ‘অকারণে’ ছাঁটাই না করার অনুরোধ তথ্যমন্ত্রীর
সাংবাদিকদের ‘অকারণে’ ছাঁটাই না করার জন্য গণমাধ্যম কর্তৃপক্ষগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ)’ কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে সোমবার মতবিনিময় করেন মন্ত্রী।
নবম ওয়েজবোর্ডের সুপারিশ মন্ত্রিসভায় যখন উঠতে যাচ্ছে, তার মধ্যেই সম্প্রতি বড় বড় পত্রিকায় ছাঁটাই চলার বিষয়টি বিএসআরএফ নেতারা তুলে ধরলে তথ্যমন্ত্রী বলেন, “আমি যেটা বলব, সাংবাদিকরা এই পেশায় না গিয়ে অন্য পেশায় গেলে কিন্তু সেই পেশা অনেক নিরাপদ ছিল।
“অন্যান্য নিরাপদ পেশায় আরও ভালো বেতনে যারা কাজ করছেন, তাদের চেয়ে যোগ্যতা অনেক বেশি রাখেন সাংবাদিকরা। এজন্য আমি অনুরোধ জানাব, অকারণে যেন কাউকে এভাবে ছাঁটাই করা না হয়; সমস্ত পত্রিকা ও টেলিভিশন কর্তৃপক্ষের কাছে সেটাই আমার অনুরোধ থাকবে।”
এ বিষয়ে পত্রিকা সম্পাদক কিংবা টেলিভিশন মালিকদের সঙ্গে কোনো আলোচনার উদ্যোগ নেবেন কি না- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে ইতোমধ্যেই কথা বলেছি। আমি সাংবাদিক ইউনিয়নের সঙ্গে কথা বলব, তারা করছেন, যাতে এ ব্যাপারে সমন্বিতভাবে আরও উদ্যোগ নেওয়া যায়, সেজন্য আমি কথা বলব।”
অনলাইন সংবাদপত্রগুলোর সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নবায়নে সমস্যা হওয়ার কথা জানালে তথ্যমন্ত্রী বলেন, “অনলাইনগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য দরখাস্ত আহ্বান করেছি। আমরা খুব সহসা যে অনলাইনগুলোর তদন্ত হয়েছে… আর কিছু অনলাইন আছে তদন্তের খুব একটা প্রয়োজন নাই। কারণ এগুলো প্রতিষ্ঠিত অনলাইন হিসাবে কাজ করছে। সেগুলোর নিবন্ধন আমরা খুব সহসা দিয়ে দেব।
“যে সমস্ত অনলাইনের এক্রিডিটেশন কার্ড এক্সপায়ার হয়ে যাবে, সেগুলো আমরা রিনিউ করে দিতে পারি।”
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য সচিব আব্দুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার, বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
