রাষ্ট্রপতির সঙ্গে সুপ্রিম কোর্টের প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দশ সদস্যের ওই প্রতিনিধি দল রোববার বিকেলে বঙ্গভবনে যায় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রতিনিধি দল সুপ্রিম কোর্টর ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন।
“এসময় প্রধান বিচারপতি প্রতিবেদনের বিভিন্ন দিক এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় প্রধান বিচারপতি জানান, অধস্তন আদালতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে বিকালে শুনানি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ৫ বছরের বেশি পুরনো মামলা অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং মামলা নিষ্পত্তিতে নেওয়া সুপ্রিম কোর্টের উদ্যোগের প্রশংসা করেন বলে জানান তার প্রেস সচিব।
এছাড়া বিচারপ্রার্থীরা যাতে সহজে বিচার পেতে পারে সে ব্যাপরে রাষ্ট্রপতি আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
