ডেঙ্গুতে ফিরোজের মৃত্যু: ঢাবি প্রশাসনের নির্লিপ্ততাকে দুষছে সহপাঠীরা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবিরের মৃত্যুর জন্য প্রশাসনের নির্লিপ্ততাকে দায়ী করেছেন তার সহপাঠীরাসহ একদল শিক্ষার্থী।
রোববার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে মশা নিধনে প্রশাসনের অবহেলাকে দায়ী করে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ফিরোজের মরদেহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগের হস্তক্ষেপে ক্যাম্পাসে আনতে দেওয়া হয়নি বলেও তাদের অভিযোগ।
ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুবুর রহমান মাহির বলেন, “ক্যাম্পাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু প্রশাসনের নির্লিপ্ততা ও নিশ্চুপতার ফল। এটি প্রতিরোধে আরও আগে থেকে উদ্যোগ নেওয়ার কথা থাকলেও প্রশাসন নেয়নি। প্রশাসন ফিরোজ কবীরের মৃত্যুর দায়ভার কোনোভাবেই এড়িয়ে যেতে পারেনা।’’
তিনি বলেন, ছাত্রলীগ ও কুচক্রী মহলের ইশারায় ফিরোজের মরদেহ ক্যাম্পাসে আনতে দেওয়া হয়নি। ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস ঘোষণার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে হবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, “প্রশাসনের কাছে আগ থেকে ক্যাম্পাসে ডেঙ্গুর প্রাদুর্ভাবের খবর থাকলেও তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। এটা প্রশাসনের ব্যর্থতা।’’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে ফিরোজের মৃত্যুর ঘটনাটিকে ‘দুঃখজনক’ বললেও শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি এড়িয়ে যান।
অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফোন ধরেননি।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ কবিরের মৃত্যু হয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান জানিয়েছেন।
ফিরোজ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।
গেল মাসের শুরুর দিকে ঢাকায় মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ শুরু হয়, যা চলতি মাসে ব্যাপক আকার নিয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে।
ফিরোজকে নিয়ে ডেঙ্গুতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে, যদিও সরকারি হিসাবে মৃতের সংখ্যা আটজন বলা হচ্ছে।
