ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু ভীতি
ডেঙ্গু এক সহপাঠীর মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই রোগ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার দাবি করছেন অনেক শিক্ষার্থী।
ডেঙ্গুতে আক্রান্ত শুক্রবার স্কয়ার হাসপাতালে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবির। আরও অনেক শিক্ষার্থী এরইমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে থেকে মেডিকেল সেন্টারে প্রায় ১৫-১৬ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছিল। তবে আজকে ভর্তি আছে চারজন। গতকালকের ঘটনায় (ফিরোজ কবিরের মৃত্যু) শিক্ষার্থীদের মাঝে আতঙ্কটাই বেশি কাজ করছে এখন।”
ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে রোববার এই সেন্টারে রক্তের প্লাটিলেট গণনার যন্ত্র আনা হচ্ছে বলে জানান এই চিকিৎসক। এর আগে এই যন্ত্র মেডিকেল সেন্টারে ছিল না।
ডেঙ্গু নিয়ে সতর্ক হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। শনিবার বিজয় একাত্তর হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হলের রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের কারও জ্বর আছে কি না সে খবর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়।
ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফিউল আলম ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থেই আমি হলের স্টাফদের দিয়ে প্রতি রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নিয়েছি এবং তারা জ্বরে আক্রান্ত ৫০ জনের তালিকা করেছে। এদের মধ্যে ২০ শিক্ষার্থী বলেছে, তারা ডেঙ্গু আক্রান্ত। আমরা এই শিক্ষার্থীদের বলেছি, তাদের যে কোনো প্রয়োজন হলে হল প্রশাসনকে জানাতে।”’
অন্যান্য হলগুলোতেও জ্বরে আক্রান্ত শিক্ষার্থীদের খবর পাওয়া গেছে।
শিক্ষার্থীরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক শিক্ষার্থীই বাড়ি চলে গেছেন। আবার কেউ কেউ ডেঙ্গুর আতঙ্কে ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছেন।
বিজয় একাত্তর হলের শিক্ষার্থী যোবায়ের সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেঙ্গু জ্বরের বিষয়টি এখন আমাদের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত না হলেও সামান্য জ্বরেই মানসিকভাবে ভেঙে পড়ছে। তাই প্রশাসনের উচিত হবে, এখনই জরুরি ভিত্তিতে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে দেওয়া।”
শহীদুল্লাহ হলের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, “আমি নিজেই মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। মশা দেখলেই মনে হয় এডিস মশা, আতঙ্কে আছি খুব।”
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়ার কথা জানানো হলেও অনেক শিক্ষার্থীর অভিযোগ, হল প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখেননি তারা। মশা জন্ম নিতে পারে, হলগুলোর এমন জায়গায় নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।
তবে ইতোমধ্যেই মশা মারার ওষুধ ছিটানোর উদ্যোগ নিয়েছে প্রতিটি হল প্রশাসন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের হলে আমরা আগেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। আজকেও হল সংসদ এবং কর্মচারীদের সহায়তায় পরিষ্কার অভিযান চালানো হয়েছে। নিয়মিত মশা মারার ওষুধও দেওয়া হচ্ছে। আমরা আমাদের দিক থেকে যা করার সর্বোচ্চ করতেছি। এরপরও কিছু শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, “আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক হলেই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলেছি। এছাড়াও আমাদের মেডিকেল সেন্টারে এই বিষয়ে বলা হয়েছে এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই আগামীকাল রক্তের প্লাটিলেট গণনার যন্ত্র আনা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে আমরা ক্যাম্পাসের যেসব জায়গায় মশা উৎপাদন হয়, সেটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছি এবং মশা মারার ওষুধ দেওয়া হচ্ছে।”
আর উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “ডেঙ্গু মোকাবিলায় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে এবং কোনোক্রমেই কেউ যেন আক্রান্ত না হয় এবং আক্রান্ত হলেও যেন সহজেই রক্ষা পায় এজন্য আমাদের সকল প্রয়াস অব্যাহত আছে। হলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, মেডিকেল সেন্টারকে সতর্ক রাখা হয়েছে, পরিষ্কার অভিযানও অব্যাহত রাখা হয়েছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আতঙ্কিত না হয়ে আমাদের সমন্বিত প্রয়াসে ডেঙ্গু মোকাবিলা করতে হবে। এজন্য আমাদের শিক্ষার্থীদেরও সচেতন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।”
