২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় পিটিয়ে হত্যায় আরও পাঁচজন গ্রেপ্তার

ঢাকার বাড্ডায় ‘ছেলেধরা’ গুজব রটিয়ে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 03:06 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

বুধবার রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান।

গ্রেপ্তার পাঁচজন হলেন- মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩)।

রেনুকে পিটিয়ে হত্যার প্রধান সন্দেহভাজন ইব্রাহিম হোসেন হৃদয়সহ মোট ১৩ জনকে এ মামলায় গ্রেপ্তার করা হল।

পরিচয় লুকাতে মাথা ন্যাড়া করেন হৃদয়: পুলিশ

বাড্ডায় গণপিটুনি: গ্রেপ্তার হৃদয় দুষছেন আরেক নারীকে  

পরিদর্শক রাজ্জাক বলেন, ওই পাঁচজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।

ঢাকার মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালতে সেই রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

পদ্মা সেতু নির্মাণ কাজে ‘মানুষের মাথা লাগবে’ বলে সম্প্রতি ফেইসবুকে গুজব ছড়ানোর পর দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে আক্রমণের ঘটনা ঘটছে।

বাড্ডায় পিটিয়ে হত্যার মূল আসামি হৃদয় গ্রেপ্তার

রেনুর কথা ‘বুঝতে চায়নি কেউ’  

এর মধ্যেই গত শনিবার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তসলিমাকে (৪২) পিটিয়ে মারা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি তার মেয়েকে ভর্তির খবর নিতে ওই বিদ্যালয়ে গিয়েছিলেন।

এরপর তসলিমার বোনের ছেলে নাসির উদ্দিন টিটো বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ৪০০/৫০০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

পিটিয়ে হত্যার ভিডিও দেখে দেখে গ্রেপ্তার চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাড্ডার গণপিটুনিতে কারা, খুঁজতে মাঠে নেমেছে পুলিশ  

রেনুকে পিটিয়ে হত্যার সময় প্রত্যক্ষদর্শীদের ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ভিডিও ফুটেজ দেখে ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।