২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্দ করা ডিআইজি মিজানের এক ফ্ল্যাট নিজের দাবি করে আদালতে নারী

নামে-বেনামে থাকা পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের জব্দ করা সম্পত্তির একটি নিজের বলে দাবি করেছেন এক নারী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 11:16 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজীর দরগা ধলপুরের বাসিন্দা শেফালী বেগম নামে ওই নারী বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ দাবি করে ওই সম্পত্তি ক্রোক থেকে অবমুক্ত করার আবেদন করেন।

শুনানি শেষে বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে আগামী ২৫ অগাস্ট শুনানির পরবর্তী দিন রেখেছেন বলে এ আদালতের পেশকার ফয়েজ আহমেদ জানিয়েছেন।

দাবি করা ওই সম্পত্তি হলো ঢাকার রমনা থানার কাকরাইল মৌজার সিটি-৫৯৮৮ নম্বর দাগের ১৪৮৫ অযুতাংশ জমির মধ্যে ০০৪০ অযুতাংশ জমি এবং ১১তলা ভবনের দ্বিতীয় তলার উত্তর দিকের ১ হাজার ৪৭৬ বর্গফুটের ফ্ল্যাট এবং বেজমেন্টের ৮ নম্বর কারপার্কিং স্পেস।

আইনজীবী এম এম রাশেদ সারোয়ার পাঠান ওই নারীর পক্ষে আবেদনে বলেন, “উল্লেখিত সম্পত্তি নির্মাণ বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের কাছ থেকে ২০১৬ সালের ৭ জানুয়ারি রেজিস্ট্রি দলিলমূলে জনৈক ব্যবসায়ী মাহমুদুল হাসান ক্রয় করেন। যা আবেদনকারী ক্রয়ের জন্য গত বছর ২৯ ডিসেম্বর মাহমুদুল হাসানের সঙ্গে বায়না দলিল করে চলতি বছর ২৫ এপ্রিল রেজিস্ট্রি সাবকবলা দলিলমূলে খরিদ করেন।

“আবেদনকারী বর্তমানে ওই সম্পত্তি শাস্তিপূর্ণভাবে ভোগদখল করছেন এবং মামলার আসামি ডিআইজি মিজানের সঙ্গে আবেদনকারীর কোনো সম্পর্ক ও সংশ্লিষ্টতা নেই। তাই ক্রোককৃত সম্পত্তিটি অবমুক্ত করা প্রয়োজন।”

গত ২০ জুন জিআইজি মিজানের নামে-বেনামে থাকা উল্লেখিত সম্পত্তিসহ সাত প্রকারের সম্পত্তি ক্রোক এবং সিটি ব্যাংকের ধানমণ্ডি শাখার একটি ব্যাংক হিসাব জব্দ করার জন্য দুদক আবেদন করলে তা মঞ্জুর করে এই আদালত।

৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ গত ২৪ জুন ডিআইজি মিজান, তার স্ত্রী সোহেলিয়া আনার, ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসান ও ছোট ভাই মাহবুবুর রহমানকে আসামি করে মামলা দায়ের করে দুদক।

মামলা দায়েরের পর আত্মগোপনে থাকা ডিআইজি মিজান গত রোববার হাই কোর্টে জামিনের আবেদন করেন। সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের বেঞ্চ জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে পুলিশে সোপর্দ করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে হাজির করার নির্দেশ দেন।

মঙ্গলবার ডিআইজি মিজানকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। পরে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুরনো খবর:

ডিআইজি মিজানের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ