সুবর্ণ জয়ন্তী উদযাপনে তিতুমীর কলেজ
রাজধানীর মহাখালীতে ১৯৬৮ সালের ৭ মে প্রতিষ্ঠিত হয়েছিল জিন্নাহ কলেজ। একাত্তরে একদল ক্ষুব্ধ শিক্ষার্থী ভেঙে ফেলে কলেজের সাইনবোর্ড; এরপর নতুন নাম হয় তিতুমীর কলেজ।
একাত্তর সালের ১ মার্চ রেডিও-টেলিভিশনে পাকিস্তানি সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের তৎকালীন ন্যাশনাল অ্যাসেম্বলি স্থগিত করার ঘোষণা আসলে ফুঁসে ওঠে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সে সময় টিপু মুনশিসহ অন্য ছাত্রনেতারা মিলে ইয়াহিয়ার ওই ঘোষণার প্রতিক্রিয়ায় ভেঙে ফেলে জিন্নাহ কলেজের সাইনবোর্ড। পরদিন এর নাম তিতুমীর কলেজ চূড়ান্ত করার পর রাতেই ওই নামে সাইনবোর্ড টানানো হয়।
এবার ৫০ বছর পূর্তিতে গঠিত অ্যাসোসিয়েশন ও কলেজের ৫০ বছর উদযাপন পর্ষদের আহ্বায়ক হয়েছেন সেই টিপু মুনশি, যিনি বর্তমানে বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চার মাসব্যাপী অনুষ্ঠান করবে রাজধানীর পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সরকারি তিতুমীর কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান টিপু মুনশি।
তিনি বলেন, “আমরা জানাতে চাই, সবাইকে সাথে নিয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হবে কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, স্বাধীন বাংলাদেশের ৫০ বছর। পাশাপাশি বাঙালি জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষও উদযাপন করতে চাই আমরা।”
আগামী ডিসেম্বর থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস নানা আয়োজনে চলবে সুবর্ণ জয়ন্তী উদযাপন বলে জানান এই কলেজের সাবেক এই ছাত্রনেতা।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি ওয়েবসাইটও করা হয়েছে উল্লেখ করে টিপু মুন্সি বলেন, “এই ওয়েবসাইটে প্রাক্তন শিক্ষার্থীরা নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।”
কলেজের বিশেষ আয়োজন নিয়ে মন্ত্রী বলেন, “ডিসেম্বরে আমরা পুনর্মিলনীর আয়োজনও করতে চাই।”
সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে পাওয়ার আশাও করেন তিনি।
“আশা করি শিক্ষাবান্ধব রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান আমাদের আমন্ত্রণে সদয় সম্মতি জ্ঞাপন করবেন। ”
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে তিতুমীর কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং শিক্ষক প্রায় তিনশ জন। বর্তমানে ২২টি বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স কোর্স চালু রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের সাবেক ছাত্র বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, আনোয়ার হোসেন বীরপ্রতীক, কামাল উদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ।
