মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৩ ভবনে অনিয়ম পেয়ে সংসদীয় কমিটির ক্ষোভ
রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবনের বেইজমেন্ট গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করে গুদাম ভাড়া দিয়েছে ইজারা গ্রহণকারী।
অন্যদিকে চট্টগ্রামের আগ্রাবাদের ‘টাওয়ার-৭১’ ও ‘জয় বাংলা বাণিজ্যিক ভবণ’ সময়মতো নির্মাণ কাজ শেষ করতে পারেনি নির্মাণকারী প্রতিষ্ঠান।
এই তিনটি জমিই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের।
এই তিনটি স্থাপনার এই অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয় আলোচনায় ওঠে।
কমিটি গুলিস্তান শপিং কমপ্লেক্স ভবনের গাড়ি পার্কিংয়ের ইজারাদার এবং ভবন দুটির ঠিকাদারসহ সংশ্লিষ্টদের ডেকেছে। আগামী ৭ জুলাই তাদের নিয়ে বিশেষ বৈঠক করবে।
ওই বৈঠকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের জায়গা ব্যবহারকারীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের বলেন, “গুলিস্তান মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। এছাড়া চট্টগ্রামের দুটি বহুতল ভবনও সময়মত নির্মাণ শেষ করা হয়নি।
চট্টগ্রামের ভবন দুটির ঠিকাদারি প্রতিষ্ঠানদের নির্ধারিত সময় কাজ শেষ করতে না পারলে জরিমানা দেওয়ার কথা রয়েছে। কিন্তু তারা ভবনও হস্তান্তর করছে না, আবার জরিমানার টাকাও দিচ্ছে না।
শাজাহান খান বলেন, “এই সার্বিক বিষয় নিয়ে আমরা তাদের ডেকেছি। মন্ত্রণালয়কে বলেছি আগামী ৭ জুলাইয়ের বৈঠকে তাদের উপস্থিতি নিশ্চিত করতে।”
বৈঠকে কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের অনাদায়ী বকেয়া টাকা আদায়ের ব্যবস্থা দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটি বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ওই ভবনের ইজারা ১২ কোটি টাকা বকেয়া রয়েছে।
কার্যপত্র থেকে জানা গেছে, চট্টগ্রামের টাওয়ার-৭১ ভবনের কাজ ২০১৬ সালের জুন মাসে শেষ হওয়ার কথা। বিভিন্ন সময়ে জরিমানাসহ প্রকল্পেরা কাজ গত ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। যদিও নির্মানকারী প্রতিষ্ঠান মদিনা ডেভেলপমেন্টস ভবন এখনও পর্যন্ত বুঝিয়ে দেয়নি ডেভেলপার প্রতিষ্ঠান। তিন দফা চিঠি দেওয়ার পরেও জরিমানার ৪৫ লাখ ৯৭ হাজার টাকা পরিশোধ করেনি।
অন্যদিকে আগ্রাবাদের ‘জয়বাংলা বাণিজ্যিক ভবন’ এর কাজ দেরি হওয়ায় গত জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। ওডিএল-এমআরএম-ইসি-জেভি ডেভেলপার প্রতিষ্ঠানকে ১৬ লাখ ২৫ টাকা জরিমানাও করা হয়। সেই টাকাও এখনও দেয়নি প্রতিষ্ঠানটি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের বেইজমেন্টের লিজ বাতিল করে সেখানে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে সুপারিশ করা হয়েছে।
এছাড়া রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পিছনের জায়গা সুষ্ঠুভাবে ব্যবহারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করার সুপারিশ করে।
শাহাজান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কমিটির সদস্য মইনউদ্দীন খান বাদল, রাজি উদ্দিন আহমেদ, কাজী ফিরোজ রশীদ ও ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন।
