রাতে সীমান্তে তারকাঁটা টপকানোর দরকার নেই: প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা সহজ হওয়ায় এখন অবৈধভাবে সীমান্ত পাড়ি না দিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “আমাদের এখন ওয়ান স্টপ সার্ভিস দিয়ে দেওয়া হচ্ছে। রাতের বেলা সীমান্তের তারকাঁটা টপকানোর দরকার নেই।”
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 'ইন্ডিয়ান মিডিয়া করসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব ‘র আয়োজনে বাংলাদেশ-ভারত নৌ যোগাযোগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সংলাপে একথা বলেন প্রতিমন্ত্রী।
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশিদের হত্যাকাণ্ড বহুল আলোচিত একটি বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলায় ঘটনাগুলো ঘটে।
খালিদ বলেন, “কারা টপকায়ে যায়? এটা চিন্তা করার বিষয়। রাতের বেলায় এসব জায়গায় যায় করা? এদের পরিচয় কী? এ বিষয়গুলো আমাদের নিয়ে আসতে হবে। সে দেশপ্রেমী নাকি দেশদ্রোহী, সেটা কিন্তু বিশ্লেষণ করার সময় চলে আসছে।
“আর এগুলো নিয়ে রাজনীতি হয়, আমরা এর আগে দেখেছি পরিকল্পিতভাবে বর্ডার এলাকায় এ ধরনের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হয়। এগুলো বন্ধ করতে হবে এবং বর্তমান সরকার এ বিষয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তঃসম্পর্কে কোনো সমস্যা না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “ভারতকে নিয়ে রাজনীতি করার, একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে... দেশকে পিছিয়ে দেওয়া একটি অভিপ্রায় নিয়ে কাজ করা।"
পানি নিয়ে দুই দেশের সমস্যার বিষয়ে খালিদ বলেন, “পানি নিয়ে বাংলাদেশের যে সমস্যা, তার থেকে বেশি সমস্যা ভারতের। ভারতে প্রায় আমরা দেখি বিভিন্ন রাজ্যের মধ্যে উচ্চ-বাচ্য সৃষ্টি হয়। বাংলাদেশে এখনও সে পর্যায়ে যায়নি।
“মুজিব-ইন্দিরা যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী যদি আমরা চলতাম, তাহলে কোনো সমস্যা হতো না। দুঃখজনক হল, এ চুক্তি নিয়েও রাজনীতি করা হয়েছে। কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করেন, তারাও এ চুক্তি বাতিল করেনি।”
অনুষ্ঠানে বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ ইমক্যাবের নেতারা বক্তব্য দেন।
