২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের তৃতীয় দিনেও বাড়ি যাচ্ছে মানুষ

নানা কারণে ঈদের আগে যারা ঢাকা ছাড়তে পারেননি, তাদের অনেকেই এখন প্রিয়জনের সান্নিধ্য পেতে বাড়ির পথ ধরছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2019, 03:07 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

ঈদের পরদিনের মতো তৃতীয় দিন শুক্রবারও এমন অনেক মানুষ বাড়ি যাচ্ছেন। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সদরঘাটে যাত্রীর চাপ থাকার কথা জানিয়েছে।

এদিন সদরঘাটে ৬০টি লঞ্চ ভিড়লেও ফেরার যাত্রী তেমন ছিল না। এখনও ঢাকা ছেড়ে যাওয়ার যাত্রীর সংখ্যাই বেশি।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ২০টি লঞ্চ ছেড়ে গেছে, যেগুলোতে যাত্রীসংখ্যা অনেক বেশি ছিল।

“আর যে লঞ্চগুলো সদরঘাটে এসেছে সেগুলোতে যাত্রী খুবই অল্প ছিল।”

এমভি আওলাদ এর ব্যবস্থাপক মো. মাহফুজুল হক বলেন, এখনও যাত্রীদের ফেরা শুরু হয়নি।

“তবে রাজধানী থেকে গ্রামের বাড়িতে স্বজনদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকে যাচ্ছেন।”

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক হুমায়ুন কবির জানিয়েছেন, ঈদের পরদিন বৃহস্পতিবারও অনেক যাত্রী গ্রামের বাড়ি গেছেন। এদিন সদরঘাট থেকে ১০৩টি লঞ্চ ছেড়ে যায়, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

এদিকে কোতোয়ালি থানার এসআই মো. এনামুল হক জানিয়েছেন, ঈদ উপলক্ষে তারা যে নিরাপত্তা দেওয়া শুরু করেছিলেন গত ৩০ মে থেকে, তা এখনও বহাল আছে।

“১২ জুন পর্যন্ত এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।”

লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান এর আগে জানিয়েছিলেন, সদরঘাট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় ২৮২ জন পুলিশ সদস্য পালা করে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি নৌ-পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ড ও স্বেচ্ছাসেবকরাও রয়েছেন।

পুরনো খবর:

সদরঘাটে ঈদের পর দিনও যাত্রীর চাপ