সদরঘাটে ঈদের পর দিনও যাত্রীর চাপ
ঈদের পরদিনও যাত্রীর চাপ দেখা গেছে ঢাকার সদরঘাটে; যারা ঈদ রাজধানীতে তারা এখন বাড়ি যাচ্ছেন স্বজনদের সঙ্গে দেখা করতে।
ঈদের আগে ভিড় বেশি থাকায় পরে যাচ্ছেন বলে জানিয়েছেন বৃহস্পতিবার সকালে সদরঘাটে লঞ্চে ওঠা বেশ কয়েকজন।
আরাফাত নামের এক যুবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে অনেক চাপ থাকে। তাই প্রতিবছর ঈদের পরদিন বৃদ্ধ মাকে নিয়ে চাঁদপুরে স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে যাই।”
এমভি মিতালী লঞ্চের মাস্টার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “আজকেও যাত্রী পাওয়া গিয়েছে, আগামীকাল ভালো যাত্রী পাওয়া যাবে এবং তার পরদিন যাওয়ার যাত্রী কমে যাবে।”
ঈদের পরে যাওয়া এই যাত্রীদের মধ্যে বিভিন্ন বিপণি বিতান ও রেস্তোরাঁর কর্মীর সংখ্যাই বেশি। তারা সবার পরে ছুটি পেয়েছেন বলে যেতে পারেননি।
বিআইডব্লিউটিএ'র পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা বলেন, তারা এখনও ঈদের আগেকার সময়ের মতোই নিরাপত্তার দেখভাল করছেন।
ঈদের দিন বুধবার সদরঘাট থেকে ৯১টি লঞ্চ ছেড়ে যায়। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ছেড়েছিল ২৬টি লঞ্চ।
লঞ্চের মতো সড়কপথেও যাত্রীর চাপ রয়েছে।
ইউনিক পরিবহণের মহাব্যবস্থাপক আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে যাত্রীর চাপ রয়েছে।
তিনি বলেন, এই তিন রুটে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তাদের ২০টি বাস ছেড়ে যায়। অন্য সময় এই সময়ের মধ্যে সর্বোচ্চ ১৫টি বাস ছড়ত।
“আগামী আরও দুই দিন রাজধানী থেকে এমন যাত্রী চাপ থাকবে,” বলেন হক।
এদিকে ফাঁকা ঢাকা নিরাপত্তা জোরদার করা কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান।
তিনি বলেন, ফাঁকা ঢাকায় যাতে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যায় নগরবাসী না পড়েন সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা বাহিনী পোশাকে ও সাদা পোশাকে কাজ করছে।
