২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত বদল, ঈদ বুধবার

চাঁদ দেখা যায়নি বলে ঘোষণার কয়েক ঘণ্টা পরে সিদ্ধান্ত বদল করে বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 11:21 PM

Updated : 10 Oct 2022, 09:10 PM

পুরনো খবর:

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

দ্বিতীয় দফা বৈঠকের পর মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এই ঘোষণা দেন।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলেম-ওলামাদের নিয়ে তাদের চাঁদ দেখা কমিটি রয়েছে। সন্ধ্যায় প্রতিটি কমিটি তাদের প্রতিবেদন দেয় যে, কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ওই প্রতিবেদন আমলে নেওয়ার পাশাপাশি হেফাজতে ইসলামের আমির শাহ মোহাম্মদ শফীসহ বেশ কয়েকজন আলেম-ওলামার সঙ্গে আলোচনার মাধ্যমে তারা বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছিলেন।

                                     প্রস্তুত জাতীয় ঈদগাহ  

এরপর তিনি নিজেসহ চাঁদ দেখা কমিটির সদস্যদের অনেকে তারাবির নামাজও পড়েছেন। তারপর তারা দেশের কয়েক জায়গায় চাঁদ দেখার খবর পান এবং পুনরায় বৈঠক আহ্বান করেন।

কুড়িগ্রাম ও নীলফামারির জেলা প্রশাসকসহ বেশ কয়েকজন চাঁদ দেখার তথ্য দিয়েছেন জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সেই তথ্য আলেম-ওলামাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা সিদ্ধান্ত বদলেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবারই সারা দেশে ঈদুল ফিতর উদাপিত হবে বলে জানান তিনি।

                             কখন কোথায় ঈদের জামাত  

এক মাস রোজার পর বছরের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপন করেন ইসলাম ধর্মাবলম্বীরা।

শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবারই ঈদুল ফিতর উদযাপন করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।