২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 08:54 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানায়।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়।

বাংলাদেশের ৬৪ জেলার কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেছে কি না, সে খবর নেয় কমিটি। প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর রাত ৮টা ৫২ মিনিটে মঙ্গলবার বাংলাদেশের কোথাও চাঁদ দেখতে না পাওয়ার খবর আসার কথা জানান তিনি।

ঘোষণা দিতে এত সময় নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, “সারা দেশের আলেম-ওলামাদের সাথে কথা বলে উনাদের মতামত নিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন মাদরাসা ছাত্ররাও চাঁদ দেখার চেষ্টা করেছে। উনাদের মতামত নিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। তাই বিলম্ব হয়েছে।

“এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। এটা নিয়ে কেউ ভুল ব্যাখ্যা দিতে যাবেন না।”

এক মাস রোজার পর বছরের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপন করেন ইসলাম ধর্মাবলম্বীরা।

শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবারই ঈদুল ফিতর উদযাপন করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

তবে মঙ্গলবার বাংলাদেশে চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রোজাই পূর্ণ করতে পারছেন এদেশের মুসলমানরা।

এদিকে অনেকে একদিন আগে থেকেই রোজা রাখা শুরু করেছিলেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

তাদের ‍বিষয়ে তিনি বলেন, “তাদের রোজার আজ ৩০ দিন পূর্ণ হবে। কিন্তু তাদের বোঝা তো আর আমরা নিতে পারব না।”

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা।

পুরনো খবর:

চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে