২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে

রোজার ঈদের তারিখ নির্ধারণে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 12:39 PM

Updated : 08 Apr 2022, 04:16 PM

সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি এবারের রোজার ঈদের তারিখ ঘোষণা করবে।

সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে বৈঠকে বসার সোয়া ঘণ্টা পরেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি জাতীয় চাঁদ দেখা কমিটি।

এক মাস রোজার পর মঙ্গলবার চাঁদ দেখা গেলে ৫ জুন বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।

শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

এবার বাংলাদেশে রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৪ থেকে ৬ জুন। ঈদ পিছিয়ে গেলে ছুটিও একদিন বাড়বে। তবে ৭ জুন শুক্রবার হওয়ায় সেদিন এমনিতেই সরকারি ছুটি।

কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ওই সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত আছেন।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সে জানাতে অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি।

পুরনো খবর:

সৌদি আরবে ঈদ মঙ্গলবার