প্রস্তুত জাতীয় ঈদগাহ
কড়া নিরাপত্তায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মুসল্লিদেরকে শিক্ষা ভবন, মৎস্য ভবন ও প্রেস ক্লাবের সামনে আর্চওয়ে, মেটাল ডিটেক্টরের তল্লাশির মধ্যে দিয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন রমনা বিভাগীয় উপ-পুলিশ কমিশনার মারুফ সরদার।
মঙ্গলবার আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। চাঁদ না দেখা গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।
বরাবরের মতো এবারও ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ কর্মকর্তা মারুফ সরদার বলেন, “ঈদ জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জায়নামাজ এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কিছু আনতে দেওয়া হবে না।
“ভ্যানিটি ব্যাগ, ব্যাকপ্যাক, দা, ছুরি, কাঁচি, যেকোনো ধারালো বস্তু, মোবাইল ফোন, দাহ্য পদার্থসহ অন্য সব জিনিস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।”
তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহে ঢোকার আগে শিক্ষা ভবন, মৎস্য ভবন ও প্রেস ক্লাবের সামনে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর পেরোতে হবে সবাইকে। এছাড়া পুরো এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, ঈদের জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হবে। জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
রোববার ঈদগাহ মাঠ পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, এবার কম-বেশি এক লাখ মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন।
ঈদগাহে এক সঙ্গে দেড় থেকে দুই হাজার মানুষের অজুর ব্যবস্থা ছাড়াও শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে।
স্থান সংকুলান না হলে সামনের রাস্তায় চাদর বিছিয়ে নামাজ পড়ার ব্যবস্থা, প্রয়োজনীয় মাইক, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
