২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-গাজীপুরে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

চট্টগ্রাম ও গাজীপুরে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 10:26 AM

Updated : 18 Aug 2022, 05:22 PM

চট্টগ্রামে নিহত দুজন ডাকাত এবং গাজীপুরে নিহত ব্যক্তি মাদক কারবারি বলে র‌্যাবের ভাষ্য।

চট্টগ্রামের ঘটনাটি ঘটে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ব্রিজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার ভোর রাতে।

নিহত দুজনকে 'ডাকাত' বললেও তাদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব। দুজনের বয়স আনুমানিক ২৪ ও ৩২ বছর।

র‍্যাব-৭ এর সহকারী পররিচালক এএসপি মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে মহাসড়কে টহল দেওয়ায় সময় আমাদের কাছে খবর আসে ব্রিজের নিচে একদল ডাকাত অবস্থান করছে।

“আমাদের টহল দলের সদস্যরা সেখানে গেলে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়লে দুইপক্ষের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।”

দুই পক্ষে কিছু সময় ‘গুলি বিনিময়ের পর’ ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুই জনের গুলিবিদ্ধ  লাশ পাওয়া যায় বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশুটার গান, ৩১ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গাজীপুরের ঘটনাটি ঘটে মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর নদীবন্দর এলাকায়। নিহত ইসমাইল হোসেন (৪০) ফরিদপুর জেলার চাঁদ হাট এলাকার রাশেদ মোল্লার ছেলে।

ইসমাইলের বিরুদ্ধে ঢাকার বনানী থানায় ১৪টি, গোপালগঞ্জ থানায় ১টি এবং ফরিদপুরের নগরকান্দা থানায় ২টি মাদক মামলা আছে বলে জানান র‌্যাবের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টঙ্গীর নদীবন্দর এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে র‌্যাবের টহল টিম সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে শীর্ষ মাদক ব্যবসায়ী ইসমাইল গুলিবিদ্ধ হয়, অন্যরা পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ ইসমাইলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনাস্থল থেকে ১টি রিভলভার, ২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

‘বন্দুকযুদ্ধে’ দুজন র‌্যাব সদস্য আহত হন বলেও জানান কামরুজ্জামান।