২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দপ্তরি কাম প্রহরী পদে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদটি জাতীয়করণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2019, 05:37 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

সমিতির সভাপতি মামুন সরদার মানববন্ধনে বলেন, “আমাদের ২৪ ঘণ্টা ডিউটি করতে হয়। আমাদের বছরে কোনো ছুটি নেই। এমনকি অনেক সময় সাপ্তাহিক ছুটিও পাওয়া যায় না।

“এরই মধ্যে বহু দপ্তরি কাম প্রহরীদের চাকরির বয়স চলে গেছে। অনেকেরই অকাল মৃত্যু হয়েছে। এদের পরিবার-পরিজন আজ বহু কষ্টে দুর্বিষহ দিন কাটাচ্ছে।”

চাকরি জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ আশা করেন মামুন সরদার।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক মো. ইউনুছ আলীসহ পাঁচ শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী অংশ নেয়।

সরকার ২০১২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য নীতিমালা তৈরি করে। এরপর সারাদেশে ৩৬ হাজার ৯৮৮টি পদ সৃষ্টির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।

গত জানুয়ারিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে আউট সোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের নীতিমালা ২০১২ এর যেসব নীতি আইএলও কনভেনশন ও বাংলাদেশের শ্রম আইনের সাথে সাংঘর্ষিক, সেরকম কয়েকটি নীতি অবৈধ ঘোষণা করে আদালত।

পুরনো খবর:

প্রাথমিকে ৯৩২ দপ্তরীর চাকরি রাজস্ব খাতে নিতে আদালতের নির্দেশ
প্রাথমিকের দপ্তরী পদে চাকরি স্থায়ী হওয়ার নিশ্চয়তা নেই: মন্ত্রণালয়
চাকরি জাতীয়করণের দাবি প্রাথমিকের দপ্তরীদের