চলন্ত বাসে নার্সকে ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে এক নার্সকে দলবেঁধে ধর্ষণের পর হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা।
এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন নার্সরা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে নার্সেস অ্যাসোসিয়েশনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী বলেন, “বাড়ি যাওয়ার পথে তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে জঘন্যতম, নিকৃষ্ট, পৈশাচিক ও ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। নরপশুদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
“যদি এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদানে কোনও রূপ কালক্ষেপণ হয়, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।“
অ্যাসোসিয়েশনের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি জরিনা খাতুন বলেন, “আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন বক্তব্য দেন।
