রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক হতে হবে: মিজানুর রহমান
রাজনৈতিক সমস্যার সমাধান অর্থনৈতিক বা সামরিক ব্যবস্থা দিয়ে হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “সমস্যার চরিত্র রাজনৈতিক হলে তার সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। অর্থনৈতিক বা সামরিকভাবে হতে পারে না। রাজনৈতিক নেতাদের এই বিষয়টি বুঝতে হবে।”
পার্বত্য জন সংহতি সমিতির নেতা মঙ্গল কুমার চাকমার ‘বিবর্ণ পাহাড়: পার্বত্য চট্টগ্রাম সমস্যা ও সমাধান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিজানুর এসব বলেন।
তিনি আরও বলেন, “সমতা, মানব সত্তার মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার- এই তিনটি বিষয় আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে রয়েছে। কিন্তু যখন মানুষ হত্যা হয়, তুলে নিয়ে যাওয়া হয় তখন বাংলাদেশ জন্মের সার্থকতা থাকে না।”
“আমরা দেখি অসহায়দের হাতে চেক তুলে দিচ্ছে সামরিক বাহিনীর পোশাক পরা লোকজন। বেসামরিক মানুষজনের কাছে যেতে হবে বেসামরিকভাবে। বেসামরিক মানুষের কাছে সামরিক পোশাক পরে যাওয়া মানে শক্তি প্রদর্শন করা। কোনো সভ্য দেশ এভাবে করে না।”
পার্বত্য চট্টগ্রাম সমস্যার বিভিন্ন দিক নিয়ে মঙ্গল চাকমার বইটি প্রকাশ করেছে ‘বটেশ্বর বর্ণন’। বইটি গত বই মেলায় প্রকাশিত হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরাম ধানমন্ডির ডব্লিইউভিএ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, সাংবাদিক সোহরাব হাসান, আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা।
