২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসে দৃষ্টি প্রতিবন্ধ্বীদের জন্য ঢাবির মতো শ্রুতি লেখক নিয়োগের সুপারিশ

দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রুতি লেখক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2019, 10:24 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ আসে।

গত ৩১ মার্চ সরকারি কর্ম কমিশন (পিএসসি) শ্রুতি লেখক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তাতে বলা হয়, ৪০তম প্রিলিমিনারি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রয়োজনীয় আবেদনের পরিপ্রেক্ষিতে কর্ম কমিশন শ্রুতি লেখক সরবরাহ করবে।

তবে পিএসসির এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৩মে ৪০তম বিসিএস পরীক্ষা বর্জন করেন দৃষ্টি প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা।

তাদের দাবি, পিএসসির পক্ষ থেকে শ্রুতি লেখক দেওয়া হলে তাদের অসুবিধা হবে।

তারা  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নীতিমালা এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রুতিলেখক-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী পরীক্ষা দিয়ে এসেছেন; বিসিএসেও সেই রকম ব্যবস্থা চান।

বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে শ্রুতি লেখকের সহমর্মিতার বিষয়টি জরুরি। তারা বলেছেন, পিএসসির দেওয়া শ্রুতি লেখকের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন না।

“এ কারণে সংসদীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রুতি লেখক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।”

রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শিবলী সাদিক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ কা ম সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা  এবং আরমা দত্ত  অংশ নেন।