সোনা মিয়ার টিলার স্বপ্নে ৩৩ বছর
সমতল ভূমি থেকে সরকার তাদের নিয়ে গিয়েছিল পাহাড়ে, বসতি গড়তে দিয়েছিল একটি টিলায়; পরে তাদের সরিয়ে আনা হয় গুচ্ছগ্রামে, ৩৩ বছর পরও সেই টিলার ফেরার স্বপ্নেই দিন কাটছে তাদের।
বাংলাদেশের স্বাধীনতার পর সামরিক সরকারের শাসনামলে বাঙালিদের পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপনের শুরু হয়, পাহাড়িদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই।
এ ধারাবাহিকতায় ১৯৮১ সালে একদলকে নেওয়া হয় খাগড়াছড়ির দীঘিনালায়, সেখানে একটি টিলায় হয় তাদের নতুন বসতি।
মুন্সীগঞ্জের নদী ভাঙনে ভিটে হারানো সোনা মিয়ার নামে ওই টিলার নামও তারা দেন সোনা মিয়ার টিলা। সেই টিলায় গড়ে ওঠে সোনা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৯৮৬ সালে খাগড়াছড়ির পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে বড় ধরনের সহিংসতা এড়াতে ৮১২টি বাঙালি পরিবারকে ওই টিলা থেকে গুচ্ছগ্রামে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ওই টিলায় ফেরত নেওয়ার আশ্বাসে গুচ্ছগ্রামের ছোট ছোট ঘরে ঠাঁই নেয় কয়েক হাজার বাঙালি।
এর পর পার্বত্য শান্তি চুক্তির পর পাহাড়িদের সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটলেও এই বাঙালিদের ৩৩ বছরেও আর ফেরা হয়নি সেই টিলায়।
বাবুছড়া গুচ্ছগ্রাম। ছবি: কামাল হোসেন তালুকদার
তবে গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের এই সংখ্যার হিসাব ১৯৮১ সালের। এখন এই সংখ্যা কয়েকগুণ বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, গুচ্ছগ্রামে প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে ১২ হাত দৈর্ঘ্য ও ১০ হাত প্রস্থের একেকটি ঘর। মা, বাবা, ছেলে ও ছেলের বউ, মেয়ে ও মেয়েজামাইসহ সবাইকে থাকতে হয় ওই একটি ঘরেই।
গ্রামে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা নেই, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও খুব নাজুক।
জাহানার বেগম নামে এক বৃদ্ধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুবই অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে তাদের শিশুরা।
পাহাড়ে বসবাস করতে এসে নানা আতঙ্কে থাকার কথাও বলেন এই বাঙালি।
গুচ্ছগ্রামের বাসিন্দাদের টিলায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে জেলা প্রশাসক বলেন, “কাজটি খুব সহজ নয়। এটি একটি জটিল প্রক্রিয়া। এর জন্য নিরাপত্তা বাহিনীসহ কয়েকটি পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা (প্রশাসন) কাজ করে যাচ্ছি।”
বাবুছড়া গুচ্ছগ্রাম। ছবি: কামাল হোসেন তালুকদার
গত বছরের ১ নভেম্বর মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব রীভা চাকমা স্বাক্ষরিত ওই চিঠিতে পার্বত্য চট্টগ্রাম থেকে সমতলে বাঙালিদের সম্ভাব্য স্থানান্তর রোধে পরস্পরের প্রতি আস্থা ফিরিয়ে আনার কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করতেও বলা হয়।
দিঘীনালা উপজেলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আবদুল মালেক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়ার পর গুচ্ছগ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছিল। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও কোনো তৎপরতা দেখতে না পেয়ে আমরা খুবই হতাশ।”
জেলা প্রশাসক শহিদুল বলেন, “চিঠি পেয়েছি এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে সম্ভাব্য করণীয় নিয়ে কাজ করছি।”
