২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তা রৌশন আরার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রৌশন আরা বেগামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 03:11 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

এক শোকবার্তায় তিনি রৌশন আরার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্বে থাকা রৌশন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ ফ্রন্ট পুলিশ ইউনিটের মেডাল প্যারেডে যোগ দিতে শনিবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যান। রোববার সন্ধ্যায় কিনশাশায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এই পুলিশ কর্মকর্তার।

৫৭ বছর বয়সী রৌশন আরা পুলিশের হিসাবরক্ষণ বিভাগের সহকারী কমিশনার, রিজার্ভ অফিস, ট্রাফিক বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রশিক্ষণ ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রৌশন আরাই দেশের পুলিশ বিভাগের প্রথম নারী অফিসার, যিনি পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে জেলা পুলিশের নেতৃত্ব দেন। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া দ্বিতীয় নারী অফিসার তিনি।