অবস্থার উন্নতির জন্য মিয়ানমারকে চাপ দিতে হবে: মার্কিন সিনেটরকে মোমেন
রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজের বসতভিটায় ফিরতে আগ্রহী হয় তেমন পরিবেশ তৈরির জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইউএস সিনেটে ফরেন রিলেশন্স কমিটির প্রভাবশালী সদস্য সিনেটর ক্রিস্টোফার মারফির সঙ্গে এক বৈঠকে এ প্রত্যাশা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কংগ্রেসের উভয় কক্ষে যদি মিয়ানমারের বর্বরতার জন্য দায়ীদের বিরুদ্ধে অবরোধসহ কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয় তাহলে হয়ত উদ্ভূত পরিস্থিতির অবসানের পথ সুগম হতে পারে।
“১৯৯০ সালের দিকে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে ‘এক ঘরে’ করায় দেশত্যাগী রোহিঙ্গাদের মধ্য থেকে কিছু সংখ্যককে তারা ফেরত নিয়েছিল। কিন্তু এখন রোহিঙ্গাদের ফিরে যাবার পরিবেশ তৈরির জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চুক্তি করা সত্ত্বেও বাস্তবে তার কিছুই করছে না।”
রোহিঙ্গা সংকটের অবসান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেট বাংলাদেশের পাশে থাকবে বলে মন্তব্য করেন সিনেটর মারফি।
রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বিস্তারিত তথ্য তাকে অবহিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
একই দিন পররাষ্ট্রমন্ত্রী ইউএস এইডের প্রশাসক মার্ক গ্রিনের সঙ্গে আরেক বৈঠকে মিলিত হন।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা, বিশেষ করে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়ার জন্য মার্ক গ্রিনসহ ইউএসএইডের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ কে মোমেন তাকে বলেন, “এই সমস্যার উৎপত্তি হয়েছে মিয়ানমার থেকে এবং সমাধানও সেখানেই করতে হবে। মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা রোহিঙ্গা নির্যাতন থেকে পিছু হটে এবং নিজ বসতভিটায় রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে বাধ্য হয়।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সফরে গত রোববার যুক্তরাষ্ট্রে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সোমবার সকালে মাইক পম্পেওর সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। এরপর হোয়াইট হাউজের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার চার্লস কুপারম্যানের সঙ্গেও বৈঠক করেছেন মোমেন।
নিউ ইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ চারটি সংগঠনের সংবর্ধনা-সমাবেশেও যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
