অর্থ আত্মসাতের মামলায় বেসিকের সাবেক কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
বেসিক ব্যাংকের সাড়ে ৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক মামলায় ব্যাংকটির সাবেক এক কর্মকর্তাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক কর্মকর্তা ও বর্তমানে সিটি ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার এবং টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিম।
ওই অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৬ সালে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (লজিস্টিকস) মশিহুর রহমান সরকার বাদী হয়ে ওই দুইজনসহ আটজনের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন।
পরে মামলাটি তদন্ত করতে দুদকে দায়িত্ব দেয় আদালত। দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম তা তদন্ত করছেন।
মামলায় অভিযোগ, ২০১২ সালে বেসিক ব্যাংকের সাথে টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড (ঋণ গ্রহীতা) ও অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজি লিমিটেডের (বন্ধকদাতা) মধ্যে ঋণের বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তির শর্ত ভঙ্গ করে অসৎ উদ্দেশ্য অ্যাডভান্সড লিমিটেডের স্থলে টেকনো ডিজাইনকে ৭৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যাংকটির গুলশান শাখা থেকে ঋণ বিতরণ করে আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাত করেন।
মামলার অন্য আসামিরা হলেন- বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ইনচার্জ ও উপ মহাব্যবস্থাপক সিপার আহমেদ, সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ জয়নুল আবেদিন চৌধুরী, সাবেক উপ মহাব্যবস্থাপক খান ইকবাল হাসান, ব্যাংকটির শান্তিনগর শাখার বর্তমান সহকারী ব্যবস্থাপক মো. আব্দুল মুকিত, টেকনো ডিজাইনের চেয়ারপারসন শাহিদা আক্তার সিমু ও পরিচালক কামাল হোসেন।
