আগুন নেভাতে পানির ব্যবস্থা করবে কে?
জনবহুল ঢাকায় অগ্নিকাণ্ড ঘটলে তা নেভাতে গিয়ে পানি নিয়ে ভুগতে পড়ার কথা সব সময়ই বলে আসছেন অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা।
“আগুন নেভানোর জন্য পানির বিরামহীন সরবরাহ দরকার। পানি ছাড়া তো ফাইট করা যায় না,” বলছিলেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমদ খান।
সম্প্রতি ফায়ার সার্ভিস থেকে বিদায় নেওয়ার আগে গত কয়েক বছরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের সময় পানি নিয়ে সঙ্কট পোহানোর কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে একই সমস্যা পোহানোর কথা জানিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগা ফ্লোরগুলোয় পানি দেওয়ার সময় কয়েকবার পানি বন্ধ হয়ে যায়। এই সুযোগে আগুন আবার জ্বলে উঠছিল। একটানা পানি ছিটিয়ে যেতে পারলে আরও আগেই আগুন নেভানো যেত।”
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে দেড় মাস আগে পুরান ঢাকার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের সময়ও পানি নিয়ে সমস্যায় পড়ার কথা জানিয়েছিল অগ্নি নির্বাপক বাহিনী। দুটি অগ্নিকাণ্ডে প্রায় একশ মানুষের মৃত্যু ঘটে।
অভিজ্ঞতার আলোকে আলী আহমদ বলেন, “পানির অভাবে ব্যাপক ঝামেলা পোহাতে হয়।
“আমাদের এখানে পানির জন্য আশপাশের ভবনের রিজার্ভারগুলোর উপর নির্ভরশীল থাকি। এটা বেশ দুরূহ কাজ, পাম্প সেট করতে অনেক সময় চলে যায়। হাইড্রেন্ট থাকলে সবচেয়ে ভালো হত।”
আগুন নেভাতে পানির সঙ্কট নিরসনে হাইড্রেন্টকে একটি বড় সমাধান হিসেবে দেখা হয়, যেখানে পর্যাপ্ত জলাধার নেই। উন্নত দেশে বিভিন্ন স্থানে এরকম হাইড্রেন্ট থাকে, যাতে জরুরি সময়ে পানির সমস্যায় ভুগতে না হয়।
নিউ ইয়র্কের ব্রুকলিনে সড়কের পাশে একটি ফায়ার হাইড্রেন্ট। ছবি: রয়টার্স
সাধারণত ফায়ার সার্ভিসের গাড়িতে যে পরিমাণ পানি থাকে, তা আগুন নেভাতে সব সময় যথেষ্ট হয় না বলে সড়কের পাশে রাখা হয় ‘ফায়ার হাইড্রেন্ট’। এটি শহরের পানির সংরক্ষণাগারের সঙ্গে সংযুক্ত থাকে। ফলে কাছাকাছি কোথাও আগুন লাগলে ওই স্থানে পাইপ লাগিয়ে পানি পায় অগ্নি নির্বাপকরা।
রাজধানীর বিভিন্ন ভবনের নিচে যে জলাধার (আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাংক) থাকে তার পানি বড় ধরনের আগুন নেভাতে পর্যাপ্ত নয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।
অধিদপ্তরের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ফায়ার হাইড্রেন্ট’ থাকলে তাদের কাজ অনেক সহজ হয়ে যায়।
প্রতিটি বড় অগ্নিকাণ্ডের পর ফায়ার হাইড্রেন্ট বসানোর সুপারিশ করা হলেও সে বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে হতাশ অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা।
কিন্তু ‘ফায়ার হাইড্রেন্ট’ বসানোর কাজটি কবে-কীভাবে এবং কে বাস্তবায়ন করবে, তা নিয়েই ধন্দে আছে নগরের সেবা সংস্থাগুলো।
ঢাকা ওয়াসা বলছে, ফায়ার হাইড্রেন্ট বসানো তাদের কাজ নয়। দায় এড়াতে চাইছে সিটি করপোরেশন এবং রাজউকও।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ৮৭০টি পাম্পে ‘ফায়ার হাইড্রেন্ট’ ব্যবস্থা থাকলেও সড়কে এই অবকাঠামো গড়া তার সংস্থার কাজ নয়।
“রাজধানীর সড়কে ফায়ার হাইড্রেন্ট বসানোর কোনো পরিকল্পনা ঢাকা ওয়াসার নেই। ফায়ার হাইড্রেন্ট স্থাপন নগর পরিকল্পনার অংশ। ওয়াসা শুধু পানি সরবরাহ করবে।”
“পানি আমাদের, আমরা পানি দেব, কিন্তু সিস্টেমটা করবে কে?” প্রশ্ন করেন ওয়াসার এমডি।
এফআর টাওয়ারে আগুন নেভাতে উঁচু মই নিয়ে পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: আসিফ মাহমুদ অভি
অন্যদিকে ‘ফায়ার হাইড্রেন্ট’ বসানোর কাজটি ঢাকা ওয়াসারই বলে মন্তব্য করেছেন রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা তো পানির ব্যাপার। আর পানি সরবরাহের দায়িত্ব তো ঢাকা ওয়াসার।”
রাজউকের পূর্বাচল উপশহর কিংবা অন্যান্য আবাসন প্রকল্পগুলো আধুনিক শহর হবে বলে দাবি করা হলেও এর পরিকল্পনাতেও নেই ‘ফায়ার হাইড্রেন্ট’ স্থাপনের শর্ত।
তবে রাজউকের নতুন প্রকল্পগুলোয় ‘ফায়ার হাইড্রেন্ট’ বসানো হবে বলে জানান আবদুর রহমান।
“পূর্বাচল, ঝিলমিল, উত্তরা তৃতীয় প্রকল্পে আমরা ফায়ার হাইড্রেন্ট রাখার ব্যবস্থা করব। এছাড়া পুরোনো প্রকল্পগুলোতেও ফায়ার হাইড্রেন্ট রাখার চিন্তাভাবনা করছি। এতে কিছুটা সময় লাগলেও আমরা তা করব।”
সড়কের পাশে ‘ফায়ার হাইড্রেন্ট’ বসানো হলে তা অগ্নিনির্বাপনে ‘ভালো কাজে আসতে পারে’ স্বীকার করলেও নগর কর্তৃপক্ষের সেই ধরনের পরিকল্পনা নেই বলে বোঝা গেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ দাঈদ খোকনের কথায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি হলে খুবই ভালো হয়। কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত আমরা ডিটেইল আলাপ করিনি। এটা নিয়ে আলোচনা হতে পারে।”
বিকল্প জলাধার, কিন্তু তাও নেই
পর্যাপ্ত জলাধার থাকলে তা আগুন নেভানোর পানির উৎস হিসেব কাজ করলেও ঢাকা শহরে তার অভাব রয়েছে।
তবে যেগুলো আছে, সেগুলো সংরক্ষণ করে পরিস্থিতির আপাত সমাধান মিলতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমদ খান।
জলাশয় থাকার সুবিধা তুলে ধরতে গিয়ে সম্প্রতি গুলশানের ডিএনসিসির কাঁচাবাজারে আগুনে নেভানোর কাজের কথা বলেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএনসিসি মার্কেটের আগুনের সময় আমরা সহজেই গুলশান লেক থেকে পানি নিয়েছি। কিন্তু লেকগুলোতো ভরাট হয়ে যাচ্ছে। লেকগুলো থাকলে পানির জন্য হাহাকার করতে হত না।”
ডিএনসিসি কাঁচাবাজারের আগুন নেভাতে লেকের পানি ব্যবহার করেছিল ফায়ার সার্ভিস। ছবি: মাহমুদ জামান অভি
আলী আহমেদ বলেন, “যে জলাধারগুলো ছিল, সেগুলোও ভরাট হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এগুলো খনন করে তাতে পানি সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে, যতদিন ফায়ার হাইড্রেন্ট না হয়।”
রাজধানীতে পুকুর বা লেকের সঠিক তথ্য পাওয়া যায়নি নগর কর্তৃপক্ষের কাছ থেকে।
তবে রাজউক জানিয়েছে, তাদের এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার ড্যাপ এলাকায় জলাধারের পরিমাণ ৪০৮ বর্গকিলোমিটার।
আর ৩০৬ দশমিক ৩৮ বর্গকিলোমিটারের ঢাকা মহানগর এলাকায় জলাধার ১৩ দশমিক ৭১৭ বর্গকিলোমিটার। এরমধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০ দশমিক ৫৮৪ বর্গকিলোমিটার, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিন দশমিক ১৩৩ বর্গকিলোমিটার।
এসব জলাধারের মধ্যে আবার বেশিরভাগই রাজধানীর বাইরের বন্যাপ্রবাহ এলাকায়।
অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘টপোগ্রাফিক্যাল সার্ভের’ দুই সিটি করপোরেশন মিলিয়ে ৯৯টি জলাধার চিহ্নিত করেছে।
এর মধ্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন এলাকায় দুটি জলাধার রয়েছে। এছাড়া পোস্তগোলায় ১১টি, লালবাগে ৫টি, পলাশী ব্যারাকে ৬টি, খিলগাঁওয়ে ৬টি, তেজগাঁওয়ে ৩টি, মোহাম্মদপুরে ৬টি, হাজারীবাগে ৩টি, সূত্রাপুরে ২টি, মিরপুরে ১৩টি এবং বারিধারা ফায়ার স্টেশন এলাকায় ৭টি জলাধার আছে। সবচেয়ে বেশি ৩৫টি জলাধার আছে সেনানিবাস এলাকার কুর্মিটোলা ফায়ার স্টেশন এলাকায়।
জলাধারের এই সংখ্যা প্রয়োজনের তুলনায় নগন্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েকটিতে পানি নেই বলেও জানিয়েছেন অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা।
তেজগাঁও শিল্পাঞ্চলে রয়েছে অনেক শিল্পকারখানা। এর আশপাশে রয়েছে আবাসিক এলাকা। কিন্তু তেজগাঁও ফায়ার স্টেশন এলাকায় পুকুর আছে মাত্র তিনটি, যা যথেষ্ট নয় বলে জানান তেজগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ অফিসার ফয়সালুর রহমান।
হাতিরঝিলের মতো জলাধারের অভাব পুরো ঢাকা শহরে। ছবি: মাহমুদ জামান অভি
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ কারণে অগ্নিকাণ্ডের সময় পানির জন্য ধুঁকতে হয়।
“এত বড় একটা এলাকায় তিনটা পুকুর খুব বেশি কিছু না। ওয়াটার হাইড্রেন্ট না থাকায় অগ্নিনির্বাপনে পানির সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়। এখানে পুকুর না থাকায় অগ্নিনির্বাপনে খুব সমস্যা তৈরি হয়।”
৫টি পুকুর আর একটি ঝিল নিয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের আশেপাশে রয়েছে ৬টি জলাধার। এছাড়াও রয়েছে কয়েকটি খাল।
তবে পুকুর ছাড়া বাকি উৎস থেকে পানি সংগ্রহ করা যায় না বলে জানান খিলগাঁওয়ের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আলী আজম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশপাশের কোনো ভবনে এলাকায় আগুন লাগলে এসব পুকুর থেকে পানি পাওয়াটা সহজ হয়। আগুন দ্রুত নেভাতে তা কার্যকর ভূমিকা রাখে। তবে ঝিল ভরাট হয়ে গেছে, খালের পানিও নেওয়া যায় না।”
রাজউকের ড্যাপ এলাকার জলাধারগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান।
তিনি বলেন, “ঢাকায় ড্যাপ অনুযায়ী যেসব নিচু জমি আছে সেগুলো আমরা ভরতে দেব না। সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা ওয়াসাকে দেব।”
