২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনের সঙ্গে যুদ্ধের আগে লড়াই পথ আর পানি নিয়ে

চকবাজারের চুড়িহাট্টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমেই লালবাগ ফায়ার স্টেশনের গাড়ি নিয়ে ছুটে গিয়েছিলেন মোহাম্মদ শরিফ; রাস্তার যানজট পেরোলেও তার গতি আটকে দিয়েছিল পুরান ঢাকার সরু গলি।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2019, 07:34 PM

Updated : 10 Oct 2022, 08:57 PM

পুরনো খবর:

চকবাজারে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
নরককুণ্ডের ক্ষেত্র যেন ‘তৈরি হয়েই ছিল’
যেভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছিল চকবাজারের আগুন
চুড়িহাট্টার অগ্নিকাণ্ড: ক্যানেস্তারাগুলো কাজ করেছে ‘বোমার মত’

অগ্নিনির্বাপক বাহিনীর এই কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক মিনিটের মধ্যে তিনি উপস্থিত হয়েছিলেন আজগর লেনের পাশে। কিন্তু সরু রাস্তা দেখে কোন পথে যাবেন, তা নিয়ে পড়েন দ্বিধায়।

“মানুষ পালাচ্ছিল। কেউ বলছিল হায়দার বক্স দিয়ে যেতে, কেউ বলছিল আজগর লেন দিয়ে ঢুকতে। আজগর লেনের উত্তর মাথা থেকে চুড়িহাট্টা মসজিদের সামনের আগুন দেখা যাচ্ছিল। তখন আজগর লেন দিয়েই গাড়ি ঢুকালাম।”

২০ ফেব্রুয়ারি আগুন লাগার পর ওই এলাকায় উপস্থিত হায়দার বক্স লেনের বাসিন্দা আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম গাড়িটি লালবাগ থেকে আসে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আসে। আমাদের মধ্যে অনেকে তখনও আগুনের খবর ৯৯৯ এ দিচ্ছিল।

“আগে আসলে কী হবে? প্রায় সাড়ে ৪ হাজার লিটার পানির ধারণক্ষমতাসম্পন্ন গাড়িটি সরু রাস্তা দিয়ে ঢুকাতে বেগ পেতে হয়েছে চালককে।

“চালক আমাদের বলে, ‘ভাই গাড়ি আজগর লেনের রাস্তা দিয়ে ঢুকবে না’। তখন আমরা চালককে অভয় দিয়ে ঢুকাই। গাড়িটি যদি তখন না ঢোকানো যেত, তাহলে আগুন আরও উত্তরে চলে আসত।”

শরিফ বলেন, “রাস্তায় যানজট থাকলেও বোর্ড অফিসের সামনে দিয়ে আমার গাড়ি লালবাগ ফায়ার স্টেশন থেকে আনতে সময় লেগেছে ৩ মিনিট ৫২ সেকেন্ড।”

শরিফ জানান, গাড়ি ঢোকানোর পরই ফায়ারম্যান শাহজালাল আর দিপুল পাইপ টান দিয়ে নামিয়ে পানি ছুড়তে শুরু করেন। আগুনের তীব্রতা দেখে আরও ইউনিটের প্রয়োজনের কথা বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে জানান তিনি।

Image
ফায়ার সার্ভিসের গাড়িচালক মোহাম্মদ শরিফ

ফায়ার সার্ভিসের গাড়িচালক মোহাম্মদ শরিফ

অগ্নিকাণ্ডস্থল থেকে সোয়া এক কিলোমিটার দূরত্ব থেকে লালবাগ ফায়ার স্টেশনের গাড়ি আসার পরপরই চলে আসে পলাশী ফায়ার স্টেশনের গাড়ি। ভয়াবহ এই আগুন নেভাতে আরও ৩৫টি ইউনিট পরে যুক্ত হয়।

রুস্তম নামে স্থানীয় এক যুবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজগর লেনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কিছুক্ষণ পর দক্ষিণপাশে ফায়ার সার্ভিসের আরেকটি গাড়ি ঢুকে। আর তার কিছুক্ষণের মধ্যেই পূর্বপাশে ঢুকে আরেকটি।”

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তা সরু হওয়ার কারণে হাইরাইজ ভবনে অগ্নিনির্বাপণের জন্য আমাদের যেসব গাড়ি আছে, তার একটাও ঢোকেনি। ওই সব গাড়ি ঢোকানো গেলে আরও তাড়াতাড়ি আগুন নেভানো যেত।”

পুরান ঢাকায় অগ্নিকাণ্ড ঘটলে সরু গলির কারণে কাজে ব্যাঘাত ঘটে সবসময়ই; চুড়িহাট্টার অঘ্নিকাণ্ড নিয়ে রিট আবেদনে সোমবার হাই কোর্টও এই সমস্যার কথা বলেছে।

সরু গলির পাশাপাশি যানজট ও মানবজটও কাজের ব্যাঘাত ঘটায় বলে জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ।

“সরু রাস্তা আর এ ধরনের অবস্থায় প্রচুর ক্রাউডি হয়। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কাজ করতে সক্ষম হয়েছি।”

Image
ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২০ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল চকবাজারের চুড়িহাট্টা মসজিদের সামনেই; সেখানে পাঁচটি রাস্তার মিলনস্থলে ওয়াহেদ ম্যানশন নামে চারতলা একটি ভবনে প্রথম আগুন লাগে, এরপর তা ছড়িয়ে পড়ে আশপাশের ভবনে। সরু গলির অন্য পাশের ভবনেও ছড়িয়েছিল আগুন।

এই অগ্নিকাণ্ডে মোট পাঁচটি ভবন ক্ষতিগ্রস্ত হয়, অগ্নিকাণ্ডস্থল থেকেই ৬৭টি লাশ উদ্ধার করা হয়।  

পানি কোথায়?

দীর্ঘ ধরে এই আগুন নেভাতে গিয়ে পানি নিয়ে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা।

ফায়ার সার্ভিসের দ্বিতীয় গাড়ি নিয়ে উপস্থিত হওয়া পলাশী ফায়ার স্টেশনের গাড়িচালক রায়হান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসেই মোফাজ্জল পানির পাইপ নিয়ে রাস্তায় নামেন। আর মই নিয়ে নামে জুয়েল। আমার ফার্স্টকল হল গাড়ি চালানো আর দ্বিতীয় কল হল পাম্প ধরা। তাই পাম্প নিয়ে পানির সোর্স খুঁজতে লাগলাম।

“সাত-সাতটি বাড়িতে পাম্প টেনে নিয়ে স্থাপন করে পানি নিয়েছি, কিন্তু এসব বাড়ির রিজার্ভারগুলো এতই ছোট যে কয়েক মিনিটে পানি শেষ হয়ে যায়। একমাত্র কারাগারের পুকুর, ওয়াসা ও চুড়িহাট্টা মসজিদের পানির সোর্স ভালো ছিল। এই তিন জায়গা থেকে অনেকক্ষণ পানি দেওয়া গেছে।”

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বলেন, “পানির সঙ্কট ছিল। বিভিন্ন বাড়ির রিজার্ভারে যতটুকু পানি ছিল তা পাঁচ  থেকে ছয় মিনিটেই শেষ হয়ে যায়। আমাদের ২১ হাজার লিটার পানির রিজার্ভ ছিল। যে পানি সিদ্দিকবাজারসহ অন্যান্য স্টেশন থেকে আনতে হয়েছে।

“বিশাল পানির সোর্স ছিল না। পুরাতন কারাগারের পুকুর থেকে এবং ওয়াসার পানি নিয়ে পরিস্থিতি মিনিমাইজ করা হয়েছে।”

Image
ছবি: আসিফ মাহমুদ অভি

ছবি: আসিফ মাহমুদ অভি

ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক (অপারেশন ও মেন্টেইন্যান্স) দিলীপ কুমার ঘোষ বলেন, “একটি পাম্প ম্যানুয়্যালি স্থানান্তর করে একটি বাড়ির রিজার্ভারে লাগানোর দুই মিনিট পর দেখা গেল পানি শেষ হয়ে গেছে। তখন সেই পাম্প ম্যানুয়ালি স্থানান্তর করে আরেক ভবনের নিয়ে স্থাপন করতেও সময় নষ্ট হয়েছে। রিজার্ভারগুলো বড় হলে আগুন নেভাতে আরও কম সময় লাগত।”

দেবাশীষ বলেন, “ফায়ার ফাইটারদের জন্য পানির লাইন নেই পুরান ঢাকার কোনো ভবনে।”

গলি সরু হলেও ওই অগ্নিকাণ্ডস্থলে চার দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে পানি দেওয়া গেছে বলে আগুন এক জায়গায় ছিল বলে জানান দিলীপ।

“তা না হলে একদিক থেকে পানি দেওয়া হলে অন্য দিকে ছড়াত,“ বলেন তিনি।

বুধবার রাতে অগ্নিকাণ্ডের আগে এমনই ছিল চকবাজারের চুড়িহাট্টা মোড়। হাজী আব্দুল ওয়াহেদের ছবি সম্বলিত চার তলার ভবনটিসহ এই মোড়ের মোট পাঁচটি দালান ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে। গুগল স্ট্রিটভিউ। 

উপপরিচালক দেবাশীষ বলেন, চওড়া রাস্তা ও পানির উৎস থাকলে আগুনের ভয়াবহ রূপ নেওয়া ঠেকানো যায়। কিন্তু পুরান ঢাকায় দুটি ক্ষেত্রেই সমস্যা পোহাতে হয়েছে তাদের।

“নিমতলীর অগ্নিকাণ্ডের পর আমাদের কয়েকটি সুপারিশ ছিল, কিন্তু একটিও মানা হয়নি,” ক্ষোভের সঙ্গে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

দেরি কেমিকেলে? 

চকবাজারের এই আগুন রাসায়নিক ও দাহ্য পদার্থের জন্য ছড়িয়েছিল বলে তা নেভাতেও বেগ পেতে হয় বলে জানিয়েছেন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বলেন, “আগুন নেভাতে কেমিকেল টেন্ডার ব্যবহার করা হয়েছে। ফোমও ব্যবহার করা হয়েছিল, কিন্তু ফোম কাজ করেনি ডিউ টু কেমিকেল।

“এখানে ওয়াহেদ ম্যানশনে কেমিকেল আইটেম বেশি ছিল, তাই ফোম কাজ করেনি। তবে কেমিকেল টেন্ডার কাজ করেছে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এ কে এম শাকিল নেওয়াজ অগ্নিকাণ্ডের দিন সাংবাদিকদের বলেছিলেন, রাসায়নিকসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে অনেক সময় লাগছে।

আগুনে যে ভবনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ওয়াহেদ ম্যানশনের দোতলা ছিল পারফিউম ও প্লাস্টিক তৈরির কাঁচামালের গুদাম। ভবনটির দোতলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনের বেইজমেন্টে ছিল রাসায়নিকের গুদাম, তবে আগুন সেখানে ছড়ায়নি।

Image
ছবি: আসিফ মাহমুদ অভি

ছবি: আসিফ মাহমুদ অভি

২০১০ সালে নিমতলীর অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের সব গুদাম সরিয়ে নেওয়ার সুপারিশ করেছিল তদন্ত কমিটি।

কিন্তু তা না হওয়ায় চুড়িহাট্টার অগ্নিকাণ্ড ভয়াবহতা পেয়েছে বলে মনে করা হচ্ছে, যা নিয়ে সোমবার হাই কোর্টও উষ্মা প্রকাশ করেছে।

আগুন নেভানোর কাজে ব্যাঘাতের জন্য মানুষের ভিড়কেও দায়ী করেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দিলীপ ঘোষ।

তিনি বলেন, “জনতা পানির পাইপ ধরে নিজের দোকানের কাছে নিয়ে বলতে থাকে, এখানে পানি দেন। এই বিষয়টিতেও আমাদের কাজে ব্যঘাত ঘটেছে।”

সড়কের উপর বিদ্যুতের তারের কারণেও সতকর্তার সঙ্গে কাজ করতে হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

অক্লান্ত শ্রম

বাংলাদেশে অগ্নিকাণ্ড কিংবা নৌডুবির ঘটনাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগেও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে, চকবাজারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার পর কাজে নেমে পরদিন দুপুর পর্যন্ত টানা কাজ চালিয়ে গেছেন এই বাহিনীর কর্মীরা।  

ফায়ার সার্ভিসের উপরিচালক দেবাশীষ জানান, এই আগুন নেভানোর ১৫ ঘণ্টা সময় বাহিনীর কর্মী ও স্বেচ্ছাবেসবক মিলিয়ে তিনশ জন কাজ করেছেন।

“আমাদের ৩৭টি ইউনিট কাজ করে। ঢাকা বিভাগের সবাই যুক্ত ছিল। এছাড়া রিজার্ভ ফায়ারম্যানও কাজ করেছে।”

Image
ছবি: আসিফ মাহমুদ অভি

ছবি: আসিফ মাহমুদ অভি

পলাশী ফায়ার স্টেশনের রায়হান বলেন, “আমার তিন বছরের চাকরি জীবনে এত লম্বা সময় ধরে আর কাজ করিনি।”

শরিফুল নামে আরেক ফায়ারম্যান বলেন, “এত লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আমার ছিল না। ফলে একটু সমস্যা হয়েছে। পালাবদল করে কাজ করেছি।

“আগুন না নেভানো পর্যন্ত কোনো ক্লান্তি ছিল না। আগুন নেভানোর পর ক্লান্তি জেঁকে ধরেছে।”

আগুন নেভাতে আরও দীর্ঘ সময় ধরে কাজের অভিজ্ঞতা আছে উপপরিচালক দেবাশীষের।

তিনি বলেন, জুট মিলে সাধারণত আগুন  লাগলে পাঁচ থেকে ছয় দিন লাগে নেভাতে। স্পিনিং মিলে আগুন লাগলেও দেড় থেকে ‍দুই দিন লাগে।

সানোয়ার নামে এক ফায়ারম্যান বলেন, “কাজের ফাঁকে ফাঁকে আমরা পানি খেয়েছি। আর পরদিন সকালে হালকা কিছু খাবার অনেকে মিলে খেয়েছিল। তবে আমি পরদিন দুপুর পর্যন্ত পানি খেয়েই ছিলাম।”

কাজের মধ্যেই বাহিনীর কর্মীদের খাওয়া-দাওয়া ‘কম-বেশি’ করানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ।

Image
অগ্নিকাণ্ডস্থলে এখনও দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মীরা

অগ্নিকাণ্ডস্থলে এখনও দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মীরা

নিজের বাহিনীর কর্মীদের কাজে সন্তুষ্ট দেবাশীষ বলেন, “আমাদের সক্ষমতার কারণেই তো আশপাশে আগুন ছড়াতে পারেনি।”

তার কথার সমর্থন মেলে চুড়িহাট্টা এলাকার বাসিন্দা বাশার ও রুস্তমের কথায়ও।

রুস্তম বলেন, “সেই রাতে যানজট তীব্র ছিল। তারপরও ফায়ার সার্ভিস প্রতিকূলতা ডিঙিয়ে যথাসময়ে এসেছিল।”

বাশার বলেন, “ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও কাজ করেছি এবং সকালে কলা-রুটি এনে তাদেরকে খেতে দিয়েছি।”

আগুন নেভানোর পরও কাজ শেষ হয়নি ফায়ার সার্ভিসের কর্মীদের। অগ্নিকাণ্ডের চার দিন পরও ক্ষতিগ্রস্ত ভবনে তাদের কয়েকজনকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এখনও কেন- জানতে চাইলে তাদের একজন বলেন, “ভবনগুলো ঝুঁকিপূর্ণ। তারগুলো পোড়া। বিভিন্ন সংস্থা কাজ করছে। যদি ছোটখাটো কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাই থাকতে হচ্ছে।”