তুরাগ তীরের ১৭ ভবন গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ
ঢাকার সাভারের কাউন্দিয়া এলাকায় তুরাগ নদীর উভয় তীরের ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যার মধ্যে ১৭টি ভবন রয়েছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান।
গুঁড়িয়ে দেওয়া স্থাপনার মধ্যে একটি তিনতলা, চারটি দোতলা ও ১২টি একতলা ভবন ছিল। এছাড়া সাতটি আধাপাকা এবং পাঁচটি টিনের ঘর উচ্ছেদ করা হয়।
এসব স্থাপনা উচ্ছেদ করে এক একর জমি অবমুক্ত করা হয় বলে জানান আরিফ।
বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মিরপুর বেড়িবাঁধের সিন্নিরটেক এলাকার তুরাগ নদীর উভয় পাড়ে অভিযান চলবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্য ফিরিয়ে আনতে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।
