শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মিরপুর থানার ওসি দাদন ফকির জানান, সোমবার সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম শেওড়াপাড়ায় মডার্ন উড ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নুরুল ইসলাম শান্ত (৩১) পেশায় একজন মোটর মেকানিক। ওয়ান ব্যাংকের গাড়ির গ্যারেজে কাজ করতেন তিনি। স্ত্রী রেশমা ও দুই বছরের ছেলেকে নিয়ে থাকতেন মগবাজারে এক বাসায়।
সেখান থেকে তাকে উদ্ধার করে শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তর ভায়রা জাহাঙ্গীর আলম হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে মনিপুরি পাড়ায় কর্মস্থলে যান শান্ত। সেখান থেকে মোটরসাইকেলের কাগজপত্রের কাজে মিরপুরে বিআরটিএ কার্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
দুর্ঘটনার জন্য দায়ী বাসটি এবং চালক সাইফুলকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ওসি।
