নিউ জিল্যান্ড ভ্রমণে বাংলাদেশের সতর্কতা জারি
নিউ জিল্যান্ড ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
এই পরিস্থিতিতে নিউ জিল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমিন সোমবার সাংবাদিকদের জানান, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে হামলার ঘটনার পরপরই ওই ভ্রমণ সতর্কতা জারি করা হয়।
গত শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে ঢুকে সেমি অটোমেটিক রাইফেল দিয়ে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে বর্ণবাদী এক অস্ট্রেলীয় যুবক।
হামলার ঘটনার সময় একটি মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন নিউ জিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন সদস্য। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান।
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমিন বলেন, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে তারা নিশ্চিত হয়েছেন।
এই পাঁচজন হলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুস সামাদ, সিলেটের ফরিদ উদ্দীন আহমেদের স্ত্রী হুসনে আরা আহমেদ, চাঁদপুরের মোজাম্মেল হক, নরসিংদীর পলাশের জাকারিয়া ভূঁইয়া এবং নারায়ণগঞ্জের মোহাম্মদ ওমর ফারুক।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আহতদের মধ্যে কিশোরগঞ্জের লিপির অবস্থা এখনও আশঙ্কাজনক।
হাসপাতালে চিকিৎসাধীন গাজীপুরের মুতাসিম এবং শেখ হাসান রুবেল এখন আশঙ্কমুক্ত।
এ কে আবদুল মোমিন বলেন, মরদেহ হস্তান্তরের জন্য নিহতদের পরিবারের একজন সদস্যকে সেখানে নেবে নিউ জিল্যান্ড সরকার। তারা স্বজনের মরদেহ নিয়ে দেশে ফিরতে পারবেন।
অধ্যাপক সামাদকে তার পরিবার ক্রাইস্টচার্চেই দাফন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ থেকে তার বড় ছেলে সেখানে যাবেন দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নিতে।
বাকিদের পরিবারের একজন সদস্যকে নিউজিল্যান্ডে নেওয়ার জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ার উইংয়ের অ্যাসিসটেন্ট সেক্রেটারি ওয়ালিদ বিন কাশেমকে ফোকাল পয়েন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
তার ফোন নম্বর: 01713111227, ইমেইল ঠিকানা: aswelfare@mofa.gov.bd
