২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৩৭৮টি আইন চালু রয়েছে

ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত ৩৭৮টি আইন বাংলাদেশে এখনও চালু রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 06:57 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বলবৎ থাকা ৩৭৮টি আইনের তালিকাও উপস্থাপন করেন তিনি।

মন্ত্রীর উপস্থাপিত তালিকায় দেখা গেছে, ব্রিটিশ আমলে প্রণীত সর্বপ্রথম আইনটি ১৭৯৯ সালের ‘The Wills and Intestacy Regulation এবং পাকিস্তান আমলের সর্বশেষ আইনটি ১৯৭০ সালের ‘The Government and local Authority Lands Buildings (Recovery of Possession) Ordinance (East Pakistan Ordinance)’।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ঠিক আগে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রযোজ্য সব আইনকে ওই বছর ১০ এপ্রিল তারিখে জারিকৃত ‘Laws Continuance Enforcement Order’ দ্বারা একই তারিখে জারিকৃত ‘Proclamation of Independence' এর বিধান সাপেক্ষে অব্যাহত রাখা হয়। অব্যাহত থাকা ওই আইনগুলোতে পরে সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ দ্বারা হেফাজত করা হয়েছে।

১৯৭৩ সালে Bangladesh Laws (Revision and Declaration) প্রণয়নের মাধ্যমে স্বাধীনতাপূর্ব আইনগুলোকে প্রয়োজনীয় সংশোধন ও অভিযোজনপূর্বক বহাল রাখা হয়েছে।

দেশের প্রচলিত আইনের সংস্কার, সংশোধন ও আধুনিকীকরণ চলমান প্রক্রিয়া উল্লখ করে আনিসুল হক বলেন, “বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে প্রচলিত আইনের সংস্কার, সংশোধন ও আধুনিকীকরণ হয়ে থাকে। এ লক্ষ্যে অচল আইনগুলো বাতিল, প্রচলিত আইনগুলো পরীক্ষা-নিরীক্ষা ও তার যুগোপযোগী সংস্কার, ক্ষেত্রমতে নতুন আইন প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা আইন কমিশন আইন সংশোধন বা বাতিল করে নতুন আইন প্রণয়নের সুপারিশ করলে সরকার সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, দেশের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে (৩১ ডিসেম্বর ২০১৮) বিচারাধীন মামলার সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ৪০৮টি।

দেশে বিচারাধীন মামলার সংখ্যা (৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত) ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি বলে জানান আইনমন্ত্রী।

এর মধ্যে উচ্চ আদালতে ৫ লাখ ৩৭ হাজার ৯৪টি ও নিম্ন আদালতে ৩০ লাখ ৩২ হাজার ৬৫৬টি। মোট মামলার মধ্যে দেওয়ানি ১৪ লাখ ২৯ হাজার ৮৬১টি, ফৌজদারি ২০ লাখ ৪৮ হাজার ৬৭ হাজার এবং অন্যান্য ৯১ লাখ ৮২২টি।