২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইবির চার দিনব্যাপী সম্মেলন শুরু

বাংলাদেশে প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৯তম সম্মেলন শুরু হয়েছে রাজধানীতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 12:26 AM

Updated : 18 Aug 2022, 04:55 PM

চার দিনব্যাপী এ সম্মেলনের এবারের প্রতিপাদ্য ঠিক হয়েছে ‘ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স: আর্থ টু স্পেস’।

শুক্রবার দুপরে আইইবি কাউন্সিল হলে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ সম্মেলনের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। 

তিনি বলেন, শুক্রবার সম্মেলনের সূচনা হলেও শনিবার বিকাল ৪টায় রমনার আইইবি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

চার দিনের এ আয়োজনে জাতীয় সেমিনার, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, বিদেশি অতিথিদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা পর্ব থাকছে।

বরাবরের মতই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সোমবার বিকাল সাড়ে ৩টায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে মনজুর মোর্শেদ জানান।

তার আগে রোববার দুপুরে ‘বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা’ নিয়ে একটি জাতীয় সেমিনার হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই সেমিনারে যোগ দেবেন।

আর গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম উপস্থিত থাকবেন রোববার সকালে ‘ড. রাশীদ মেমোরিয়াল লেকচারে’।

সোমবার সকাল ১০টা ও দুপুর ২টায় দুটি সেমিনারে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ওই দিন সন্ধ্যা ৭টায় সম্মেলনের নৈশভোজে যোগ দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পার্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

আইইবির সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর সংবাদ সম্মেলনে বলেন, সারাদেশের ৭০ হাজার প্রকৌশলী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নিবন্ধিত। বিভিন্ন বিষয়ে আইইবির সাতটি বিভাগ আছে। ২১টি টাস্কফোর্স রয়েছে। দেশের উন্নয়নে এবং সমসাময়িক বিষয় নিয়ে আইইবি বিভিন্ন সময়ে সভা-সেমিনার করে থাকে।

১৯৪৮ সালে আইইবি প্রতিষ্ঠার পর থেকে অবকাঠামোসহ দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এ ইনস্টিটিউশন ভূমিকা রেখে চলেছে মন্তব্য করে তিনি বলেন, “বঙ্গবন্ধু সেতু, রাজধানীতে মেট্রোরেল, চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেলসহ অন্যান্য বড় বড় নির্মাণ কাজে বাংলাদেশের প্রকৌশলীরা অবদান রেখে চলছে।”

আইইবির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।