সুপ্রিম কোর্টে আইনজীবীদের সরস্বতী পূজা উদযাপন
শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মতো সুপ্রিম কোর্টের আইনজীবীরাও পালন করছেন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদের উদ্যোগে সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে পূজার আয়োজন করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান ‘ধর্ম যার যার উৎসব সবার’ উচ্চারণ করে প্রধান বিচারপতি বলেন, “আমিও এটা মনে করি যে, ধর্ম যার যার উৎসব সবার। সুতরাং আজকে আমরা এ উৎসবে যোগ দিতে আসছি।”
আইনজীবী ছাড়াও পূজার বাণী অর্চনা অনুষ্ঠানে অংশ নেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি শশাংক শেখর সরকর প্রমুখ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আজ সবাই বাণী অর্চনার এই আনন্দে মেতে উঠুক। যে, যে ধর্মই পালন করি না কেন, উৎসবে সংযুক্ত হয়ে সবাই একাকার যাব এমনটাই কামনা করি।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, “আমরা মনে করি এই দেশ সকলের। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও সকলের। তাই এই দিনটিকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করে থাকি।”
সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন বলেন, “আমরা চাই সুপ্রিম কোর্ট সকল চিন্তার আধার হোক। সকল ধর্ম এখানে পালন করা হয়। আমাদের চিন্তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এখানে লালন করা হয়।”
শনিবার রাতে প্রতিমা স্থাপনের পর রোববার সকাল সাড়ে ৮ থেকে পূজা শুরু হয়। পরে সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যা দেবীর চরণে অঞ্জলি দেন পূজারীরা। এরপর চলে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
