চাকরি স্থায়ী করার দাবি প্রকল্পভুক্ত শিক্ষকদের
সেকায়েপ ও সেসিপ প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে রয়েছেন।
বাংলাদেশ অতিরিক্ত শ্রেণি শিক্ষক ( এসিটি) অ্যাসোসিয়েশনের ব্যানারে সাত দিন ধরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
“যত দিন না আমাদের দাবি মানা হচ্ছে, ততদিন আমরা আমাদের আন্দলোন চালিয়ে যাব,” বলেছেন সমিতির সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ।
২০১৫ সালে সরকার বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৫০টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রায় ৫২০০ জন শিক্ষক নিয়োগ দেয়।
আন্দোলনকারীরা বলছেন, শুরুতে প্রকল্পের আওতায় থাকলেও প্রকল্প শেষে চাকরি স্থায়ী করার কথা বলা হয়েছিল। কিন্তু প্রকল্প শেষে ১৪ মাস পার হলেও এখনও চাকরি স্থায়ী করা হয়নি।
এসিটি অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক বছরের বেশি সময় বিনা বেতনে চাকরি করে আমরা এখন মানবেতর জীবন-যাপন করছি।”
সমিতির সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে এমপিওভুক্ত করার সুপারিশ করলেও মন্ত্রণালয়ের অন্তঃকোন্দলের কারণে তা এখনও বাস্তবায়না করা হচ্ছে না।”
নিজেদের চাকরি স্থায়ী কমিটির পক্ষে যুক্তি দেখিয়ে মহিউদ্দিন বলেন, “অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা অত্যন্ত মেধাবী ও অভিজ্ঞ। এই মডেল শিক্ষকদের দ্বারা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে।”
