তৌফিক ইলাহীর বই পেঙ্গুইন থেকে প্রকাশ
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর আত্মজীবনীমূলক বই ‘চ্যারিয়ট অব লাইফ’ ভারতে পেঙ্গুইন র্যানডম হাউস থেকে প্রকাশিত হয়েছে।
একইসঙ্গে বইটির চেক ভাষায় একটি অনুবাদও প্রকাশিত হয়েছে।
বুধবার ঢাকায় গণভবনে নতুন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পর্দার অন্তরালে কী ঘটেছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে, পেছন থেকে কারা ছিলেন সেই সরকারের সঙ্গে, তারা ক্ষমতার যে দর্প দেখিয়েছিলেন, তার বিবরণ উঠে এসেছে ‘চ্যারিয়ট অব লাইফ’-এ।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তৌফিক ইলাহী তার বইয়ে স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পাশাপাশি ২০০৭-০৮ এর সেই অনিশ্চিত সময়ের একটি দৃশ্যকল্প রেখেছেন তরুণ প্রজন্মের সামনে।
২০১৮ সালের মার্চে বাংলাদেশে শ্রাবণ প্রকাশনী ‘চ্যারিয়ট অব লাইফ’ প্রকাশ করে।
