এক মাসেও বিচার পাননি জগন্নাথের লাঞ্ছিত শিক্ষার্থী
লাঞ্ছিত হওয়ার পর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে এক মাসেও ফল পাননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী।
গত ১০ জানুয়ারি পুরান ঢাকায় এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় লাঞ্ছিত হন এই শিক্ষার্থী। তিনি নিজেও ছাত্রলীগের সঙ্গে যুক্ত।
তার অভিযোগ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সমর্থক কয়েকজন তাকে কয়েকবার শারীরিক নির্যাতনের চেষ্টা চালিয়েছিলেন। পরে তাকে অশ্লীল ভাষায় গালাগালি ও হুমকি-ধমকি দেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ত্রয়োদশ ব্যাচের এই শিক্ষার্থী ওই দিনই প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।
কিন্তু এখনও ওই অভিযোগ নিয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন এই শিক্ষার্থী।
অভিযোগ পাওয়ার পর জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মাদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি তদন্ত করার জন্য দুজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দিয়েছি, তাহারা এখনও আমাকে কিছু জানায়নি।”
এদিকে বিচার না হওয়ায় নতুন করে হয়রানির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। যাদের বিরুদ্ধে তিনি নালিশ করেছিলেন, তাদের সহযোগীদের এজন্য দায়ী করেছেন তিনি।
এই নারী শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেদিনের ঘটনার পর থেকে আমি নিয়মিতভাবে ক্যাম্পাসে যেতে পারি না, আমি রাজনীতি করলেও কোনো প্রোগ্রামে অংশ নিতে পারি না।”
সাম্প্রতিক একটি ঘটনা তুলে ধরে তিনি বলেন, “রোববার ক্যাম্পাসে গেলে সভাপতি গ্রুপের দুই কর্মী আমাকে আবার লাঞ্ছিত করে, আমার ব্যাগ ছিড়ে ফেলে, হাত থেকে মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে।”
এই ঘটনার পর প্রক্টর অফিসে অভিযোগ করতে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসেন বলে জানান তিনি।
তিনি বলেন, “আমি এখন নিরাপত্তাহীনতায় আছি।”
