জগন্নাথে ছাত্রলীগের নারী কর্মী লাঞ্ছিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত হয়েছেন ছাত্রলীগের এক নারী কর্মী; এজন্য সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির অনুসারীদের দায়ী করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী রোববার প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন। তাতে তিনি নিজের ছাত্রলীগে সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছেন।
এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের ভিন্ন বক্তব্য এসেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তারা অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
ওই নারী শিক্ষার্থীর অভিযোগ, গত ১০ জানুয়ারি বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সভাপতি সমর্থক শাহারুল ইসলাম, আবু সাঈদ, রাজওয়ান ইসলাম সীমান্ত তাকে কয়েকবার শারীরিক নির্যাতনের চেষ্টা চালান। পরে ক্যান্টিনের সামনে তাকে অশ্লীল ভাষায় গালাগালি ও হুমকি-ধমকি দেন।
ওই নারী শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছাত্রলীগ করেও নিরাপত্তাহীনতায় আছি।”
বিষয়টি নিয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক রাসেল বলেন, “সে আগে শিক্ষার্থী, তারপর সংগঠনের পরিচয়। যদি কেউ এমন ঘটনার স্বীকার হয়ে থাকে, তবে প্রশাসনের উচিত ব্যবস্থা গ্রহণ করা। ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই। অপরাধ যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সভাপতি তরিকুল বলেন, “ছাত্রলীগের কর্মী হলে তো আমার কাছে বিচার আসবে, প্রক্টর অফিসে কেন?”
এই অভিযোগ ‘উদ্দেশ্যমূলক’ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
প্রক্টর অধ্যাপক ড. নুর মোহাম্মাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা একটি মেয়ের অভিযোগ পেয়েছি। কাল দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তদন্তে দোষিদের শাস্তির আশ্বাস দিয়েছেন উপাচায অধ্যাপক মীজানুর রহমানও।
