প্রাথমিক শিক্ষার অনিয়ম হটাতে ‘জরুরি কর্মসূচির’ সুপারিশ দুদকের
দেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘অনিয়ম ও বিশৃঙ্খলা’ দূর করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জরুরি কর্মসূচি (ক্র্যাশ প্রোগ্রাম) গ্রহণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি চট্টগ্রামের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে দুদকের চেয়ারম্যানের পরিদর্শনের প্রেক্ষিতে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে দুদক সচিব মো. শামসুল আরেফিনের সই করা এক চিঠিতে এ সুপারিশ করা হয়।
সে সময় কমিশনের চেয়ারম্যান কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষকের মধ্যে নয়জনকে অনুপস্থিত পেয়েছেন। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অলসভাবে বসে ছিল এবং ঘোরঘুরি করছিল।
অন্যদিকে ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১১ জন শিক্ষকের মধ্যে দুই জনকে অনুপস্থিত পান দুদক চেয়ারম্যান। ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির অনুপস্থিত এক শিক্ষার্থীকে উপস্থিত দেখানো হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে বিদ্যালয়ে পাননি দুদক চেয়ারম্যান।
এছাড়া শীতলপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি থেকে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ ২৭ জন শিক্ষার্থীকে জনপ্রতি দুই হাজার টাকার বিনিময়ে দশম শ্রেণিতে উত্তীর্ণ করার প্রমাণ পাওয়ার তথ্য উল্লেখ করা হয় মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে।
চিঠিতে বলা হয়, ‘এসব অব্যবস্থাপনা সারা বাংলাদেশের চিত্র কিনা তা ভেবে দুদক উদ্বিগ্ন। কমিশন মনে করে এমন বিশৃঙ্খলা ও অবক্ষয় থেকে উত্তরণ দরকার। এ অবস্থার পরিত্রাণ না ঘটলে এসডিজি-৪ অর্জন অনিশ্চিত হয়ে পড়বে এবং বাংলাদেশের ভবিষৎ প্রজন্মকে জনসম্পদে পরিণত করা দুরূহ হয়ে পড়বে’।
‘অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলা’ সারাদেশের চিত্র হয়ে থাকলে তা দূর করতে জরুরি কর্মসূচি হাতে নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয় চিঠিতে।
