২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে জামিন পাননি বাবুল চিশতী

অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর জামিন হয়নি হাই কোর্টে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 05:10 PM

Updated : 18 Aug 2022, 04:46 PM

তার জামিন প্রশ্নে এর আগে জারি করা রুল বুধবার খারিজ করে দিয়েছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

আসামি পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।

খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশ যওয়ার এখতিয়ার না থাকার পরও প্রভাব খাটিয়ে তিনি বিদেশ যান এবং ভ্রমণ ভাতা বাবদ প্রায় সাড়ে নয় লাখ টাকা আত্মসাৎ করেন। এই মামলায় গত বছর তার জামিন প্রশ্নে রুল জারি করেছিল আদালত।

“আজ সে রুলটি খারিজ করে দিয়ে রায় দিয়েছে হাই কোর্ট। ফলে বাবুল চিশতীর জামিন হয়নি। তাকে কারাগারেই থাকতে হচ্ছে।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, দুদকের উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান গত বছরের ৮ অগাস্ট রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত ৪ নভেম্বর বাবুল চিশতীর জামিন নামঞ্জুর করলে তার আইনজীবীরা হাই কোর্টে আবেদন করেন।

প্রাথমিক শুনানি নিয়ে ১৯ নভেম্বর হাই কোর্ট জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করে। কেন তাকে জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয় রুলে।

সেই রুল বুধবার খারিজ করে রায় দিয়েছে হাই কোর্ট। ফলে বাবুল চিশতীর মুক্তির পথ আপাতত খুলছে না বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান। 

এ মামলার অভিযোগে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে ব্যাংকের প্রচলিত নিয়ম উপেক্ষা করে ব্যবসায়িক বৈঠকের নামে ২০১৭ সালের ১৯ থেকে ২৮ অগাস্ট লন্ডন ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেন বাবুল চিশতী।

ওই সফরের ভ্রমণভাতা বাবদ ব্যাংক থেকে ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা তুলে নেন ব্যাংকটির উদ্যোক্তা ও নিরীক্ষা কমিটির সাবেক এই চেয়ারম্যান।

দুদকের দায়ের করা এজাহারে বলা হয়েছে, ব্যবসায়িক ওই সফরটি ছিল ব্যাংকের ব্যবস্থাপনা কাজের অংশ। ব্যাংকের বিধি অনুযায়ী ওই ভ্রমণে পরিচালনা পর্ষদের কোনো সদস্যের যাওয়ার সুযোগ নেই। সফরে যাওয়ার কথা ব্যাংকের ব্যবস্থাপনায় যুক্ত কর্মকর্তাদের।

“তারপরও মাহবুবুল হক চিশতী অবৈধ প্রভাব খাটিয়ে সেই সফরে যান; যা ব্যাংকের অর্থে বিদেশ ভ্রমণ ছাড়া আর কিছুই না।”

দুদকের অনুসন্ধান শেষে দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়। তদন্তাধীন অবস্থায় মামলাটি এখন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন।

অনিয়ম, অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাবুল চিশতীর বিরুদ্ধে দুদকের তিনটি মামলা রয়েছে।

গত বছরের ১০ এপ্রিল গুলশান থানায় বাবুল চিশতী ও তার স্ত্রী রুজী চিশতী এবং ফারমার্স ব্যাংকের এসইভিপি ও গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা হওয়ার পর ওইদিনই বাবুলকে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

পুরনো খবর:

বাবুল চিশতীর বিরুদ্ধে দুদকের তৃতীয় মামলা
ফারমার্স ব্যাংকের বাবুল চিশতী গ্রেপ্তারের পর রিমান্ডে
বাবুল চিশতীর বিরুদ্ধে আরেকটি মামলা