২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুল চিশতীর বিরুদ্ধে আরেকটি মামলা  

ফারমার্স ব্যাংকের পরিচালক এবং অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 07:01 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

বুধবার করা এই মামলায় বাবুল চিশতীর বিরুদ্ধে ফারমার্স ব্যাংকের অর্থে প্রভাব খাটিয়ে বিদেশ ভ্রমণ করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

গুলশান থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, “ব্যাংকের প্রচলিত বিধি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার ও বিজনেস মিটিংয়ের নামে ২০১৭ সালের ১৯ অগাস্ট থেকে একই বছরের ২৮ অগাস্ট পর্যন্ত লন্ডন ও আরব আমিরাত ভ্রমণ ভাতাবাবদ ফারমার্স ব্যাংক লিমিটেডের নয় লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা আত্মসাত করেন।”

Image
গ্রেপ্তারের পর মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)

গ্রেপ্তারের পর মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)

ওই ভ্রমণে ব্যাংকের পরিচালনা পর্ষদের কোনো সদস্যের যাওয়ার সুযোগ না থাকলেও বাবুল চিশতী প্রভাব খাটিয়ে  বিদেশ সফরে গিয়েছিলেন বলে দুদকের অভিযোগ।

এর আগে গত ১০ এপ্রিল গুলশান থানায় বাবুল চিশতী ও তার স্ত্রী রুজী চিশতী এবং ফারমার্স ব্যাংকের এসইভিপি ও গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক।

ওই মামলায় বিভিন্ন সময়ে বাবুল চিশতী তার স্ত্রী, ছেলে, মেয়েদের ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন শাখায় থাকা মোট ২৫টি হিসাবে অর্থ নগদ ও পে অর্ডারের মাধ্যমে বিভিন্ন সময় ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকার ‘সন্দেহজনক’ লেনদেন করেছেন বলে অভিযোগ আনা হয়।

পুরনো খবর:

ফারমার্স ব্যাংকের বাবুল চিশতী গ্রেপ্তারের পর রিমান্ডে
জামিন চেয়ে হাই কোর্টেও বিফল বাবুল চিশতী