২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে জামিন হয়নি জেলার সোহেল রানার

বিপুল পরিমাণ টাকা ও মাদকসহ গ্রেপ্তার চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস হাই কোর্টে আবেদন করেও জামিন পাননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 09:04 PM

Updated : 18 Aug 2022, 04:40 PM

তবে তার জামিন প্রশ্নে রুল জারি করেছে আদালত। কেন তাকে জামিন দেওয়া হবে না- তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে রাষ্ট্রপক্ষকে।

সোহেল রানা বিশ্বাসের জামিন আবেদনের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ বুধবার এই রুল জারি করে।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আদনান রফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থপাচার আইনের মামলায় চট্টগ্রাম কারাগারের বরখাস্ত জেলার সোহেল রানা বিশ্বাস গত ৫ জানুয়ারি জামিন আবেদন করেছিলেন। আদালত তাকে জামিন দেয়নি। তবে রুল জারি করেছেন।”

গত বছরের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি থেকে চট্টগ্রাম কারাগারের জেলার সোহেলকে একটি ব্যাগসহ আটক করে রেল পুলিশ।

পরে ওই ব্যাগ তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি এফডিআরের কাগজ, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল পুলিশকে বলেছিলেন, ওই টাকার মধ্যে পাঁচ লাখ তার নিজের; বাকি টাকা অন্যদের।

পরে সোহেলের বিরুদ্ধে  ভৈরব রেলওয়ে থানায় অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন রেল পুলিশের উপপরিদর্শক আশরাফ। আর কারা কর্তৃপক্ষ এই জেলারকে সাময়িক বরখাস্ত করে।

সোহেল রানা বিশ্বাসের বাসা ময়মনসিংহ শহরে। তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পেড়াগন্ধালিয়া গ্রামের জিন্নত আলী বিশ্বাসের ছেলে।

কর্তব্যে অবহেলা ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অমান্য করার অভিযোগে ২০১০ সালেও একবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে বিভাগীয় আপিল করে তিনি চাকরি ফিরে পান।

বর্তমানে তাকে কিশোরগঞ্জ কারাগারে রাখা হয়েছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান।

পুরনো খবর:

চট্টগ্রামের জেলারের কেলেঙ্কারি: তদন্ত কমিটির কাজ শুরু
জেলার সোহেল রানা ফের রিমান্ডে
ফেনসিডিল ও নগদ টাকাসহ ‘চট্টগ্রামের জেলার’ আটক