২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভ: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শ্রম প্রতিমন্ত্রী

মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়ার পরেও তৈরি পোশাক খাতের শ্রমিক বিক্ষোভ অব্যাহত থাকায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 07:46 PM

Updated : 10 Oct 2022, 08:50 PM

পুরনো খবর:

পোশাক খাতের মজুরি কাঠামো পর্যালোচনায় কমিটি
সরকারের আশ্বাসের পরও রাস্তায় পোশাক শ্রমিকরা
সাভারে সংঘর্ষে আহত ৩০, ছুটি ১৫ গার্মেন্টে

বুধবার রাত ৯টায় ৫ নম্বর ন্যাম ভবনে প্রতিমন্ত্রীর বাসায় ‘গার্মেন্টস শিল্পের উদ্ভূত পরিস্থিতির বিষয়ে’ এই সংবাদ সম্মেল হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে বুধবারও ঢাকার কালশি, দক্ষিণ খান, সাভার ও নারায়ণগঞ্জে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা। সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করে গত ২৫ নভেম্বর গেজেট প্রকাশ করে সরকার। ডিসেম্বরের ১ তারিখ থেকে তা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল সেখানে।

মূল্যস্ফীতি বৃদ্ধি ও অনান্য খাতের শ্রমিকদের মজুরির বিবেচনায় পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি ছিল বিভিন্ন বাম শ্রমিক সংগঠনের। সেই দাবি পূরণ না হওয়ায় বিক্ষোভ, মানববন্ধনের মত কর্মসূচি পালন করে আসছিল সংগঠনগুলো।

অন্যদিকে গত সরকারের শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু গত ডিসেম্বরে বলেছিলেন, নতুন কাঠামোতে পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের মজুরি আগের চেয়ে গড়ে ৫১ শতাংশ বাড়লেও ‘বিভিন্ন রকম’ ব্যাখ্যা দিয়ে শ্রমিকদের মধ্যে ‘অসন্তোষ সৃষ্টির চেষ্টা’ চলছে।

নির্বাচনের আগে পোশাক শ্রমিকদের অসন্তোষের সুযোগে কেউ যাতে ‘রাজনৈতিক ফায়দা’ নিতে না পারে, সেজন্য ডিসেম্বরে গার্মেন্ট শিল্প প্রধান এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি ছিল।

কিন্তু ভোটের পর নতুন সরকারের শপথের আয়োজনের মধ্যেই গত রোববার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পোশাক শ্রমিকরা। এরপর প্রতিদিনই তারা রাস্তা আটকে বিক্ষোভ করার চেষ্টা করে যাচ্ছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার তাদের জন্য যে নতুন বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছে, মালিকপক্ষ সে অনুযায়ী বেতন দিচ্ছে না। বরং তাদের নানাভাবে ‘অন্যায়-অবিচারের’ শিকার হতে হচ্ছে।

টানা আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রম প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ান মঙ্গলবার বিকালে গার্মেন্ট মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন।

দুই ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি জানান, দেড় মাস আগে ঘোষিত নতুন মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, মালিক পক্ষের ৫ জন, শ্রমিক পক্ষের ৫ জন এবং সরকারের বাণিজ্য সচিব ও শ্রম সচিবকে নিয়ে ১২ সদস্যের একটি কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মজুরির অসঙ্গতিগুলো খতিয়ে দেখবে এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে।

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “যারা ধ্বংসাত্মক কাজ করেছে, তারা শ্রমিক না। তারা এই ট্রেডের বন্ধু না। তাদের কঠোর হাতে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। মালিক-শ্রমিক একটা বাই সাইকেলের দুই চাকা। তাদেরকে এক সাথেই এগোতে হবে।”

আর শ্রম প্রতিমন্ত্রী মুন্নজান বলেন, “প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমিক বান্ধব। তিনি নিজেই সুপারিশ করে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যবস্থা করেছেন। এখন নতুন মজুরি কাঠামোর কোথাও কোনো অসুবিধা থাকলে আলোচনা করে তা ঠিক করার সিদ্ধান্ত হয়েছে। তাই আর কোনো বিশৃঙ্খলা নয়। সবাইকে কাজে ফিরে যাওয়ার অনুরোধ করছি।”

তাদের ওই আহ্বানের পরও বিভিন্ন পোশাক কারখানার কর্মীরা বুধবার সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ করে।