২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আশ্বাসের পরও রাস্তায় পোশাক শ্রমিকরা

সরকার নতুন মজুরি কাঠামো পর্যালোচনার জন্য কমিটি করে দিলেও টানা চতুর্থ দিনের মত সড়কে নেমেছে পোশাক শ্রমিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2019, 11:51 AM

Updated : 10 Oct 2022, 08:50 PM

বিভিন্ন পোশাক কারখানার কর্মীরা বুধবার সকাল থেকে রাজধানীর মিরপুর কালশী এলাকার রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করছে। বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টার খবর পাওয়া গেছে ঢাকার দক্ষিণখান, সাভার ও নারায়ণগঞ্জ থেকেও।

রাজধানীর পল্লবী থানার উপ পরিদর্শক তমিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ শ্রমিকরা সকাল ৯টার দিকে ২২তলা গার্মেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

“যান চলাচল বিঘ্নিত হলেও এখনও বড় কোনো গোলযোগ ঘটেনি। আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।”

এদিকে ঢাকার উত্তর খান ও দক্ষিণ খান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও সকালে ছোট ছোট দলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে বিমান বন্দরের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করে।  তবে পুলিশের বাধায় তারা প্রধান সড়কে আসতে পারেননি।  

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণখান) নূর আলম বিডিনিউজ টোয়েন্চিফোর ডটকমকে বলেন, “সকালের দিকে কিছুটা উত্তেজনা ছিল, এখন নেই। শ্রমিকরা ছড়িয়ে ছিটিয়ে জটলা করছে। পুলিশ সতর্ক রয়েছে।”

আমাদের সাভার প্রতিনিধি জানান, সকাল ৮টার দিকে আশুলিয়ার মেট্রো নিটিং অ্যান্ড ডায়িংয়ের একটি এবং স্ট্যান্ডার্ড গ্রুপের তিনটি কারখানার সামনে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

সাভার শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা সামিনুর রহমান বলেন, “আমরা শ্রমিকদের বলেছি, মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সব দাবি-দাওয়া মেনে নেওয়া হবে। আপনারা চলে যান।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই চারটি কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

সাভার থানার ওসি আবদুল আওয়াল জানান, পস্থিতির অবনতির আশঙ্কায় উলাইল এলাকার আল মুসলিম কারখানা বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত নজরুল ইসলাম জানান, ওয়েস্ট নিট ওয়্যার লিমিটেড নামের একটি গার্মেন্টের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করলেও তারা রাস্তা বন্ধ করেনি। পুলিশ সেখানে সতর্ক অবস্থায় রয়েছ।

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করে গত ২৫ নভেম্বর গেজেট প্রকাশ করে সরকার। ডিসেম্বরের ১ তারিখ থেকে তা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল সেখানে।

মূল্যস্ফীতি বৃদ্ধি ও অনান্য খাতের শ্রমিকদের মজুরির বিবেচনায় পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি ছিল বিভিন্ন বাম শ্রমিক সংগঠনের। সেই দাবি পূরণ না হওয়ায় বিক্ষোভ, মানববন্ধনের মত কর্মসূচি পালন করে আসছিল সংগঠনগুলো।

নির্বাচনের পর নতুন সরকারের অভিষেকের আয়োজনের মধ্যেই গত রোববার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পোশাক শ্রমিকরা।

সরকার ঘোষিত কাঠামো পর্যালোচনা করে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে সোম ও মঙ্গলবারও তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়।

তাদের অভিযোগ, সরকার তাদের জন্য যে নতুন বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছে, মালিকপক্ষ সে অনুযায়ী বেতন দিচ্ছে না। বরং তাদের নানাভাবে ‘অন্যায়-অবিচারের’ শিকার হতে হচ্ছে।

টানা আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রম প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ান মঙ্গলবার বিকালে গার্মেন্ট মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন।

দুই ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি জানান, দেড় মাস আগে ঘোষিত নতুন মজুরি কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, মালিক পক্ষের ৫ জন, শ্রমিক পক্ষের ৫ জন এবং সরকারের বাণিজ্য সচিব ও শ্রম সচিবকে নিয়ে ১২ সদস্যের একটি কমিটি করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে মজুরির অসঙ্গতিগুলো খতিয়ে দেখবে এবং সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে।

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “যারা ধ্বংসাত্মক কাজ করেছে, তারা শ্রমিক না। তারা এই ট্রেডের বন্ধু না। তাদের কঠোর হাতে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। মালিক-শ্রমিক একটা বাই সাইকেলের দুই চাকা। তাদেরকে এক সাথেই এগোতে হবে।”

শ্রম প্রতিমন্ত্রী মুন্নজান বলেন, “প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমিক বান্ধব। তিনি নিজেই সুপারিশ করে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যবস্থা করেছেন। এখন নতুন মজুরি কাঠামোর কোথাও কোনো অসুবিধা থাকলে আলোচনা করে তা ঠিক করার সিদ্ধান্ত হয়েছে। তাই আর কোনো বিশৃঙ্খলা নয়। সবাইকে কাজে ফিরে যাওয়ার অনুরোধ করছি।”