১৪টি সোনার বারসহ দুজন ধরা
শাহজালাল বিমানবন্দরে কৃষি মন্ত্রণালয়ের এক কর্মচারীসহ দুজনকে সোনার বারসহ আটক করেছে শুল্ক কর্মকর্তারা।
আটক আব্দুল আজিজ বিমানবন্দরে কর্মরত উদ্ভিদ সঙ্গনিরোধ বিভাগের (প্ল্যান্ট কোয়ারাইন্টাইন) টেকনেশিয়ান বলে জানিয়েছেন কাস্টম হাউজের উপ কমিশনার অথেলা চৌধুরী।
বুধবার বিকালে আজিজের সঙ্গে মোলাম মিয়া নামে আরেকজনকেও আটক করে শুল্ক বিভাগ। তাদের কাছে ১৪টি সোনার বার পাওয়ার কথা জানানো হয়েছে।
মোলাম রিয়াদ থেকে বিমানবন্দরে নেমেছিলেন।
অথেলা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মোলাম মিয়াকে অনুসরণ করার সময় দেখা যায়, ৮ নম্বর বেল্টের কাছে একটি পিলারের আড়ালে তিনি একটি ব্যাগ দেন আজিজকে। তখন ব্যাগসহ দুজনকে আটক করা হয়।”
পরে ওই ব্যাগ থেকে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ১৪টি সোনার বার পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা বলে জানান অথেলো।
আটক দুজনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
