২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে রিকশামালিক খুন

রাজধানীর পল্লবীতে মঙ্গলবার ভোরে আতিকুল ইসলাম (২৪) নামে এক রিক্সা মালিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2019, 02:46 AM

Updated : 18 Aug 2022, 04:38 PM

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে পল্লবীর ডি ব্লকের একটি রিক্সা গ্যারেজে তাকে হত্যা করা হয়।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আতিক আগে রিক্সা চালক ছিলেন। পরে বেশ কয়েকটি রিকশা কিনে ব্যবসা শুরু করে। রিকশার গ্যারেজেই তিনি থাকতেন।

এক সন্তানের জনক আতিকের স্ত্রী সন্তান সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে থাকে।

ওসি বলেন, “ভোর ৪টার দিকে গ্যারেজের পাশ দিয়ে এক মহিলা যাওয়ার সময় গোঙ্গানির শব্দ শুনতে পান। পরে তিনি গ্যারেজের বেড়া ফাঁক করে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।”

পুলিশ খবর পেয়ে রক্তাক্ত আতিককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।

আতিকের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ওসি।

তিনি বলেন, “তার সাথে কারো বিরোধ রয়েছে এমন কোন তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি। রিক্সা ব্যবসা না কি নারী ঘটিত কোন বিষয় নিয়ে বিরোধে আতিক খুন হয়েছে তা এখনো পরিস্কার নয়।”

এই ঘটনায় হত্যা মামলা দায়েরের পর এই দুইটি বিষয় বিবেচনায় রেখে তদন্ত শুরু হয়েছে বলেন ওসি।